প্রায় এক বছর ধরে প্রেমের পেছনে ছুটেছেন সোহেল। অবশেষে সফল হলেন তিনি। কিন্তু বিয়ের প্রথম রাতেই কলহ। এর ফল তার পুরুষাঙ্গ কর্তন। এমনই এক ঘটনা ঘটেছে গাজীপুরে। বিয়ের প্রথম রাতেই এক স্ত্রী তার স্বামীর পুরুষাঙ্গ কেটে ফেলেছেন। বৃহস্পতিবার দিবাগত রাতে গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া এলাকার পালকি আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে। পুলিশ অভিযুক্ত স্ত্রীকে আটক করেছে।
আহতাবস্থায় স্বামী সোলাইমান ওরফে সোহেলকে (২৫) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার বাড়ি বাহ্মণবাড়িয়ায়। আটক স্ত্রীর নাম সাজেদা বেগম (২২)। তার বাড়ি কুড়িগ্রামের রৌমারী থানার বারবান্দা এলাকায়।
জয়দেবপুর থানার ভোগড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই জাকির হোসেন জানান, সাজেদা বেগম তার নানির সঙ্গে গাজীপুর সিটি করপোরেশনের ছয়াদানা এলাকায় হারিকেন ফ্যাক্টরির কাছে ভাড়া বাসায় থাকতেন। তিনি ভোগড়া এলাকার কলম্বিয়া পোশাক কারখানায় চাকরি করেন। প্রায় এক বছর ধরে কারখানায় যাওয়া আসার পথে সোহেল তাকে প্রেম নিবেদন এবং বিয়ের প্রস্তাব দিত। পরে গত ৩ নভেম্বর তারা বিয়ে (কোর্ট ম্যারেজ) করেন।
বৃহস্পতিবার রাত ৭টার দিকে কারখানা ছুটির পর সাজেদা কারখানা থেকে বের হলে সোহেল তাকে নিয়ে স্বামী-স্ত্রী পরিচয়ে পালকি আবাসিক হোটেলে ওঠেন। সেখানে তাদের মধ্যে কলহের এক পর্যায়ে রাত পৌনে ২টার দিকে সাজেদা ব্লেড দিয়ে সোহেলের পুরুষাঙ্গ কেটে বিচ্ছিন্ন করে ফেলেন। হোটেল রুমে চিৎকার-চেচামেচি শুরু হলে হোটেল কর্তৃপক্ষ থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সাজেদাকে আটক করে এবং সোহেলকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে রাতেই তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।