উখিয়ায় সড়ক পারাপারকালে পথচারী নিহত

কক্সবাজারের উখিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত দিল মোহাম্মদ (৩৮) উখিয়া উপজেলার কুতুপালং পশ্চিম পাড়ার মৃত ফয়জু মিয়ার ছেলে।
 
জানা গেছে, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলাধীন কক্সবাজার-টেকনাফ সড়কের বালুখালী কাস্টমস এলাকায় রাস্তা পার হচ্ছিলেন দিল মোহাম্মদ। এ সময় টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় দিল মোহাম্মদ গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

রামু ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানান, তার লাশ জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।