উত্তরায় তাইওয়ানের দুই নাগরিকের ওপর হামলা

 
রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় তাইওয়ানের দুই নাগরিকের ওপর হামলার হয়েছে। বৃহস্পতিবার রাতে তাদের বাসায় ঢুকে কর্মচারীসহ বেশ কয়েকজনের ওপর হামলা চালিয়েছে দৃর্বৃত্তরা। এই ঘটনায় জাহাঙ্গীর নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
 
ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপকমিশনার (ডিসি) মুনতাসিরুল ইসলাম বলেন, তাইওয়ানের দুই নাগরিক উত্তরা ৪ নম্বর সেক্টরের এক বাসায় থাকেন। বর্তমানে তারা রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
 
পুলিশ সূত্রে জানা গেছে, ওই দুই নাগরিক ১০ বছর ধরে বাংলাদেশে বসবাস করছে। তাদের একটি ছোট কারখানাও রয়েছে। কারখানার শ্রমিকদের বেতন বাবদ বৃহস্পতিবার ছয় লাখ টাকা উত্তোলন করে। ওই টাকার জন্যই হামলাকারীরা হয়তো এ বাসায় প্রবেশ করেছিলেন।
 
পুলিশের ধারণা, হামলাকারীরা ফ্ল্যাটের নকল চাবি দিয়ে ফ্ল্যাটের ভিতরে প্রবেশ করে। এ সময় ভিতর থেকে ওই দুইজন বাধা দিলে হামলাকারীরা ভারি কোনো বস্তু দিয়ে তাদের মাথায় আঘাত করে। এ সময় দুর্বৃত্তরা ওই ছয় লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।
 
পরে রাত তিনটার দিকে ওই দুই নাগরিককে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার সকালে পুলিশ সন্দেহভাজন হিসেবে জাহাঙ্গীর নামে এক ব্যক্তিকে আটক করেছে। পুলিশ দাবি করেছে জাহাঙ্গীরের সঙ্গে আরো দুই দুর্বৃত্ত এ হামলায় অংশ নিয়েছিল।