কেন্দুয়ায় সড়ক দুর্ঘটনায় মা-ছেলে নিহত

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় মা ও ছেলে নিহত হয়েছে। নিহত মা মদিনা আক্তার (৩৫) ও ছেলে শুভ ইসলাম (১২) জেলার পূর্বধলা উপজেলার ভবেরবাজার গ্রামের বাসিন্দা।
 
শুক্রবার দুপুরে উপজেলার কেন্দুয়া-নেত্রকোনা সড়কের চন্দনকান্দি নামক স্থানে এ ঘটনা ঘটে।
 
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নিজ গ্রাম থেকে নজরুল ইসলামের স্ত্রী মদিনা আক্তার ছেলে শুভ ইসলামকে নিয়ে নেত্রকোনা থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে কেন্দুয়া উপজেলায় আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। দুপুর দুইটার দিকে কেন্দুয়া-নেত্রকোনা সড়কের চন্দনকান্দি নামক স্থানে তাদের বহনকারী অটোরিকশাটিকে একটি লরি চাপা দেয়। এতে গুরুতর আহত মা ও ছেলেকে স্থানীয়রা উদ্ধার করে জেলা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। খবর পেয়ে কেন্দুয়া থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়।
 
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিরঞ্জন দেব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।