জড়িতদের শনাক্ত করতে পারেনি পুলিশ

আশুলিয়ায় তল্লাশি চৌকিতে পুলিশ কনস্টেবলকে কুপিয়ে হত্যার ঘটনার ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত জড়িতদের শনাক্ত করতে পারেনি পুলিশ। গতকালও আশুলিয়ার বাড়ইপাড়ার নন্দন পার্ক সংলগ্ন এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করে। খুনের ঘটনায় কালিয়াকৈর এলাকার আওয়ামী লীগ নেতা ওয়াজউদ্দিনের ছেলে সুজনসহ ৭ জনকে থানায় এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর সকালে ছেড়ে দিয়েছে পুলিশ।

 
জানা গেছে, জড়িতদের সম্পর্কে এখনো অন্ধকারে রয়েছে পুলিশ। ঘটনার ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও এ ঘটনায় জড়িত কিংবা পরিকল্পনাকারীদের সম্পর্কে স্পষ্ট কোন ধারণা পায়নি তদন্তকারীরা। প্রয়োজনীয় কাগজ না থাকায় সড়ক-মহাসড়কে চলাচলরত বেশ কয়েকটি মোটর সাইকেল আটক করেছে পুলিশ। তদন্তের স্বার্থে  পুলিশ ওই এলাকার আশপাশের গার্মেন্টস কারখানাগুলোর সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছে। ঘটনাস্থলের আশপাশে থাকা বিভিন্ন মানুষের সাথে কথা বলে তথ্য সংগ্রহ করছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সংস্থা।
 

গত বুধবার সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার বাড়ইপাড়া নন্দন পার্কের সামনে শিল্প পুলিশ- ১ এর কনস্টেবল মুকুলকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় আহত হন আরও চার পুলিশ।