বাংলাদেশ-জিম্বাবুয়ে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ আজ

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজ শনিবার জিম্বাবুয়ের মুখোমুখি হচ্ছে স্বাগতিক বাংলাদেশ। দুপুর ১টায় মিরপুরর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।

সর্বশেষ সফরে জিম্বাবুয়ে ৫-০ ব্যবধানে সিরিজ হেরেছিল স্বাগতিক বাংলাদেশের কাছে। তাই এবারের সিরিজে ভিন্ন একটি দলকে তারা স্বাগতিকদের সামনে উপস্থাপন করবেন বলে মন্তব্য করেছেন জিম্বাবুয়ে অধিনায়ক এলটন চিগুমবুরা।

 

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের আগে বাংলাদেশ দল থেকে বারবারই বলা হচ্ছে, তারা সেরা ক্রিকেট খেলতে চান; প্রতিপক্ষ দুর্বল কি না, সেটা ভাবতে চান না। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা গতকালকের সংবাদ সম্মেলনেও দফায় দফায় এই কথা বললেন। আর  জিম্বাবুয়ের কাছে এটা নিজেদের মান ফেরানোর লড়াই। সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হেরে এক সময়ের শক্তিশালী দলটা আজ তলানিরও নিচে নামতে চলেছে।


উল্টো দিকে পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকাকে পরপর সিরিজ হারানো বাংলাদেশ এখন ওয়ানডে ক্রিকেটের নতুন পরাশক্তি।

জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ ৪৯ ম্যাচে ৩৫টিই বাংলাদেশ জিতেছে। এই পরিসংখ্যান মতেই বাংলাদেশ এই দলটির চেয়ে ঢের এগিয়ে থাকা দল বলে বিবেচিত হতে পারে। কিন্তু গত এক বছর ধরে মাশরাফির বাংলাদেশ যে ক্রিকেট খেলছে, তা এই জিম্বাবুয়ের বিপক্ষে পরিসংখ্যানের চেয়েও কয়েক কিলোমিটার উঁচু এক ব্যাপার।

এই জিম্বাবুয়ের বিপক্ষে গত নভেম্বরে পাঁচ ম্যাচের সিরিজ দিয়েই শুরু হয়েছিলো ব্যাপারটা। এরপর বিশ্বকাপে তাক লাগানো সাফল্য। আর সেখান থেকে দেশে ফিরে তিন মহীরুহ পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জিতে বিশ্ব ওয়ানডে ক্রিকেটের মানচিত্রই বদলে ফেলেছে বাংলাদেশ।

এখন জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের চ্যালেঞ্জ একটাই—কোনোক্রমে পা না হড়কানো। এই সিরিজে বাংলাদেশ সবগুলো জিতলেও তেমন কোনো লাভ নেই। আইসিসি র্যাংকিংয়ের হিসাবও বলছে, এই সিরিজ থেকে বাংলাদেশের বিরাট কিছু পাওয়ার নেই, তবে হারলেই কেলেঙ্কারি। ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলেও আইসিসির ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশ পাবে মাত্র ১ পয়েন্ট।

আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ে এখন ৯৬ পয়েন্ট নিয়ে সাতে আছে বাংলাদেশ। ৪৬ পয়েন্ট নিয়ে দশে আছে জিম্বাবুয়ে। র্যাংকিংয়ে এত নিচের দলের সঙ্গে খেলা বলেই এই সিরিজ থেকে বাংলাদেশের পাওয়ার আছে সামান্য, হারানোর আছে অনেক বেশি।

৩-০ ব্যবধানে সিরিজ জিতলেও ১০০ পয়েন্ট নিয়ে ছয়ে থাকা ইংল্যান্ডকে স্পর্শ করতে পারবে না বাংলাদেশ। উল্টোটা হলে, অর্থাত্ হোয়াইটওয়াশড হলে বাংলাদেশকে দিতে হবে অনেক বড় খেসারত। সেক্ষেত্রে ৮ পয়েন্ট হারাতে হবে বাংলাদেশকে। ৮৮ পয়েন্ট নিয়ে তখন আট নম্বরে নেমে যাবে বাংলাদেশ, ভগ্নাংশের ব্যবধানে থাকবে পাকিস্তানের পেছনে।
 
এদিকে এই ম্যাচকে সামনে রেখে মিরপুরর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।