বছরের সবচেয়ে আকর্ষণীয় গোলের জন্য ফিফার পুসকাস অ্যাওয়ার্ডের জন্য মনোনীতদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে। এবারের তালিকায় আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি রয়েছেন। এছাড়া কার্লোস তেভেজদের পাশে যুক্তরাষ্ট্রের নারী ফুটবলার কারলি লয়েডের অন্তর্ভুক্তি দারুণভাবে উজ্জীবিত করেছে সতীর্থদের।
গত জুলাইতে ভ্যানকোভারে বিশ্বকাপের ফাইনালে জাপানকে ৫-২ গোলে হারিয়ে শিরোপা জয় করে যুক্তরাষ্ট্র। ম্যাচটিতে যুক্তরাষ্ট্রের অধিনায়ক লয়েড হ্যাটট্রিক করেছিলেন। তার তিনটি গোলের একটি পুসকাস অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছে। প্রায় মধ্যমাঠ থেকে দুর্দান্ত এক লবে লয়েডের করা গোলটি তালিকার অন্য গোলগুলোর তুলনায় বেশ খানিকটা এগিয়ে রয়েছে। গত বছরের পুসকাস অ্যাওয়ার্ড জয় করা আয়ারল্যান্ডের স্টিফেন রোচের পরে এবার দ্বিতীয় মহিলা হিসেবে আবারো এই পুরস্কারের অন্যতম দাবিদার এখন লয়েড। এদিকে বছর জুড়ে অসাধারণ কৃতিত্বের কারণে ইতোমধ্যেই নারীদের ব্যালন ডি’অরের জন্য লয়েডকে ফেবারিট হিসেবে গণ্য করা হচ্ছে।
স্প্যানিশ কাপের ফাইনালে অ্যাথলেটিকো বিলবাওয়ের বিপক্ষে গোলের জন্য বার্সেলোনা তারকা মেসিকে মনোনীত করা হয়েছে। চারজন ডিফেন্ডারকে কাটিয়ে গোলরক্ষককে বোকা বানিয়ে তার করা গোলটি ছিল অসাধারণ। আগামী বছরের ১১ জানুয়ারি জুরিখে ব্যালন ডি’অর অনুষ্ঠানে অন্য আরো পুরস্কারের সাথে পুসকাস অ্যাওয়ার্ড প্রদান করবে ফিফা।
বর্ষসেরা ১০ গোলের সংক্ষিপ্ত তালিকা
ডেভিড বল (ইংল্যান্ড), ২৯ মার্চ, ফ্লিটউড টাউন বনাম প্রিসটন নর্থ অ্যান্ড (ইংলিশ দ্বিতীয় বিভাগ)
গঞ্জালো কাস্ত্রো (উরুগুয়ে), ১২ এপ্রিল, রিয়াল সোসিয়েদাদ বনাম ডিপোর্তিভো লা করুনা (লা লিগা)
আলেসান্দ্রো ফ্লোরেনজি (ইতালি), ১৬ সেপ্টেম্বর, রোমা বনাম বার্সেলোনা (চ্যাম্পিয়নস লিগ)
ওয়েন্ডেল লিরা (ব্রাজিল), ১১ মার্চ, অ্যাথলেটিকো-জিও বনাম গোনেসিয়া (গোয়াইস স্টেট চ্যাম্পিয়নশীপ, ব্রাজিল)
কারলি লয়েড (যুক্তরাষ্ট্র), ৫ জুলাই, যুক্তরাষ্ট্র বনাম জাপান (নারী বিশ্বকাপ ফাইনাল)
লিওনেল মেসি (আর্জেন্টিনা), ৩০ জুলাই, এ্যাথলেটিকো বিলবাও বনাম বার্সেলোনা (স্প্যানিশ কাপ)
ফিলিপ মেক্সে (ফ্রান্স), ২৫ জুলাই, এসি মিলান বনাম ইন্টার মিলান (প্রীতি ম্যাচ)
মার্সেল ডিজেং (ক্যামেরুন), ১৩ জুলাই, এসসি পাডারবর্ন বনাম বোল্টান ওয়ান্ডারার্স (প্রীতি ম্যাচ)
এস্তেবার রামিরেজ (কোস্টারিকা), ২ নভেম্বর, হেরেডিয়ানো বনাম ডিপোর্তিভো সাপরিসা (কোস্টা রিকা চ্যাম্পিয়নশিপ)
কার্লোস তেভেজ (আর্জেন্টিনা), ৯ নভেম্বর, জুভেন্টাস বনাম পারমা (ইতালিয়ান সিরি-আ।-বাসস।