জিম্বাবুয়ের কাছে টসে হেরে ব্যাটিংয়ে নেমে প্রথমেই হোঁচট খেলো বাংলাদেশ। দ্বিতীয় ওভারের শেষ বলে ক্যাচ দিয়ে প্যাভিলনে ফিরে যান লিটন দাস। তিনি শূন্য রানে আউট হয়েছেন। ব্যাটিং করছেন তামিম ইকবাল ও মাহমুদুল্লাহ রিয়াদ। তামিম ১৩ ও মাহমুদুল্লাহ ১ রান নিয়ে মাঠে আছেন। এই মুহূর্তে বাংলাদেশের সংগ্রহ ৪ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ১৫ রান।
এর আগে শনিবার দুপুরে বাংলাদেশের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে।
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যে ৩ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচটি শুরু হয় দুপুর ১টায়।
সর্বশেষ সফরে জিম্বাবুয়ে ৫-০ ব্যবধানে সিরিজ হেরেছিল স্বাগতিক বাংলাদেশের কাছে। তাই এবারের সিরিজে ভিন্ন একটি দলকে তারা স্বাগতিকদের সামনে উপস্থাপন করবেন বলে মন্তব্য করেছেন জিম্বাবুয়ে অধিনায়ক এলটন চিগুমবুরা।