কুমিল্লায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ

কুমিল্লার তিতাসে আওয়ামী লীগ ও যুবলীগের দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এতে টেটাবিদ্ধসহ উভয় পক্ষের কমপক্ষে ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কলাকান্দি ইউনিয়নের কলাকান্দি বাজারে এ ঘটনা ঘটে। 
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক বছর যাবৎ কলাকান্দি বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলা আওয়ামী লীগ নেতা নাছির উদ্দিন ও হাবিবুল্লাহ বাহার পক্ষের সঙ্গে স্থানীয় যুবলীগ নেতা ইব্রাহিম পক্ষের মধ্যে সংঘর্ষ হামলা ভাংচুর অগ্নিসংযোগ লুটপাটের ঘটনায় বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত বছরের নভেম্বরে ইব্রাহিম পক্ষের সেন্টু ও চলতি বছরের মে মাসে নাছির পক্ষের শাহ আলম খুন হন। এরই ধারাবাহিকতায় শনিবার সকালে নাছির পক্ষের আউয়াল নামের এক ব্যক্তি কলাকান্দি বাজারে গেলে ইব্রাহিম পক্ষের সন্ত্রাসীরা তাকে আটকে বেধড়ক মারধর করে এবং মোনায়েম নামের এক ব্যক্তির দোকানে লুটপাট চালান।
 
মোনায়েমের স্ত্রী বিউটি বেগম জানান, ঘটনা চলাকালে বাধা দিলে তাকে মারধর করে আহত করা হয়। তার গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এসময় টেটাবিদ্ধসহ আউয়াল (৫০), রহিম মিয়া (৫৫), আপন (৪৮), মোনায়েম (৫১) ও শহিদের ছেলে আহত হওয়ার খবর পাওয়া গেছে। 
 
তিতাস থানার ওসি মো. মনিরুল ইসলাম পিপিএম জানান, দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।