নওগাঁর সাপাহারে ১৩৯ কেজি ওজনের একটি কষ্টি পাথরের গণেশ মূর্তি উদ্ধার করেছে বিজিবি। শনিবার ভোররাতে উপজেলার জামালপুর গ্রামের একটি পরিত্যক্ত ব্রাক স্কুল থেকে বাংলাদেশ বর্ডার গার্ড -১৪ পত্নীতলা ব্যাটলিয়নের সদস্যরা মূর্তিটি উদ্ধার করে।
বিজিবির-১৪ পত্নীতলার অধিনায়ক লে: কর্নেল রফিকুল হাসান জানান, কয়েকজন পাচারকারী ভারতে মূর্তি পাচার করছে এমন সংবাদের ভিত্তিতে সাপাহার উপজেলার জামালপুর গ্রামে অভিযান চালানো হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। পরে দুই ঘণ্টা তল্লাশি চালিয়ে গ্রামের একটি পরিত্যাক্ত ব্রাক স্কুলের ভেতর থেকে একটি কষ্টি পাথরের গণেশ মূর্তি উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরো জানান, মূর্তিটির ওজন ১৩৯ কেজি। এর আনুমানিক মূল্য ৭০ লাখ টাকা।
এ ব্যাপারে সাপাহার থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।