শনিবার নিউইয়র্কে ক্রিকেট অল স্টারস কাপ

 
মার্কিন যুক্তরাষ্ট্রে ক্রিকেটকে জনপ্রিয় করতে প্রথমবারের মতো নিউইয়র্ক শুরু হচ্ছে টি-টোয়েন্টি ম্যাচের ক্রিকেট অল স্টারস কাপ। স্থানীয় সময় শনিবার দুপুর একটায় কুইন্সের সিটি ফিল্ড বেসবল মাঠে ব্যতিক্রমী এই ম্যাচে মুখোমুখি হবে বিশ্বের আটটি টেস্ট নেশন দেশের ২৮ জন সাবেক তারকা খেলোয়াড়।
 
এএসবি কমিউনিকেশনের আয়োজনে বিশ্বের  ২৮ সাবেক তারকা খেলোয়াড়কে নিয়ে লটারির মাধ্যম গঠন করা হয়েছে ‘শচীন ব্লাস্টার্স’ ও ‘ওয়ার্ন ওয়ারিয়র্স’। ক্রিকেট কিংবদন্তী ভারতের শচীন টেন্ডুলকার শচীন ব্লাস্টার্স ও অস্ট্রেলিয়ার শেনওয়ার্ন ওয়ার্ন ওয়ারিয়র্সের নেতৃত্ব দেবেন।
 
IMG0
 
নিউইয়র্কের পর ১১ নভেম্বর টেক্সাসের হিউস্টনে মেনিট মেইড পার্কে এবং ১৪ নভেম্বর ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের ডজার স্টেডিয়ামে দুই দলের আরো দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে।
 
এর আগে গত বৃহস্পতিবার নিউইয়র্কের ম্যানহাটনের ম্যারিয়ট মার্কি হোটেলে এক সংবাদ সম্মেলনে লটারির মাধ্যমে দল নির্ধারণ করা হয়। এসময় শচীন টেন্ডুলকার বলেন, এক ছাদের নিচে আমরা সবাই ক্রিকেট মাঠে ভাল বন্ধু ছিলাম। তবে আমাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ছিল। আমি খুবই উচ্ছ্বসিত যে নিউইয়র্কের বেসবল মাঠে শেন ওয়ার্নের বিপরীতে নামছি। আশাকরি এখানে আমরা নতুন নতুন সমর্থক পাব।
 
IMG1
 
শেন ওয়ার্ন বলেন, ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে ভাল খেলোয়াড়রা এই ম্যাচে অংশ নিচ্ছেন। শনিবারের খেলায় অংশ নেয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি। এটি একটি মজার খেলা হবে বলে আশা রাখি।
 
শচীন ব্লাস্টার্স-এ রয়েছেন শচীন টেন্ডুলকার (অধিনায়ক) বীরেন্দ্র শেবাগ, ভিভিএস লক্ষ্মণ, ব্রায়ান লারা, সৌরভ গাঙ্গুলী, মাহেলা জয়াবর্ধনে, কাল হুপার, মঈন খান, মুত্তিয়া মুরালিধরন, গ্রামি শন, কার্টলে এম্ব্রস, শন পলক, গ্লেন ম্যাকগ্রাথ, ল্যান্স ক্লুজনার ও শোয়েব আখতার।
 
ওয়ার্ন ওয়ারিয়র্সে রয়েছেন, শেন ওয়ার্ন (অধিনায়ক), ম্যাথিউ হেইডেন, মাইকেল ভগন, রিকি পন্টিং, জন্টি রডস, জ্যাক ক্যালিস, এন্ড্রু সায়মন্ডস, কুমার সাঙ্গাকারা, সাকলায়েন মোশতাক, ড্যানিয়েল ভেট্টরি, কোর্টনি ওয়ালশ, ওয়াসিম আকরাম, এলান ডোনাল্ড ও অজিত আগারকার।