মোটরসাইকেলে শাড়ির আঁচল পেঁচিয়ে শিক্ষকের মৃত্যু

মোটরসাইকেলে শাড়ির আঁচল পেঁচিয়ে পড়ে গিয়ে গুরুতর আহত কৃষ্ণা রানী ভোজ (৪৫) নামে একজন শিক্ষক সাতদিন পর শনিবার ঢাকার মেট্রোপলিটন হাসপাতালে মারা যান। তিনি শিবালয় উপজেলার ফলসাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। 
 
জানা গেছে, গত ১ নভেম্বর সকালে কৃষ্ণা ভোজ সহকর্মীর মোটরসাইকেলে চেপে পার্শ্ববর্তী বরংগাইল জেএসসি পরীক্ষা কেন্দ্র যাওয়ার পথে শাড়ির আঁচল পেঁচিয়ে পড়ে গিয়ে গুরুতর আহত হন। দুই পুত্র-কন্যার মাতা কৃষ্ণাকে  স্বামীর বাড়ী স্থানীয় আমডালা গ্রামে সমাহিত করা হয়। কৃষ্ণার অকাল মৃত্যুতে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মো. আতিকুর রহমান আতিক, শিবালয় উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি বাবুল আকতার মঞ্জুর, নজরুল-প্রমীলা ইনস্টিটিউট সম্পাদক সাংবাদিক শহিদুল ইসলামসহ বিভিন্ন সংগঠনের নেতারা গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।