ফুলবাড়ি পৌর শহরে ডাকাতি, গৃহকর্তীসহ পাঁচজন আহত

দিনাজপুরের ফুলবাড়ি পৌর শহরে এক মাসের ব্যবধানে আবারো ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের হামলায় গৃহকর্তীসহ পাঁচজন আহত হয়েছেন। এদের মধ্যে দুই জনের অবস্থা গুরুতর।
 
শুক্রবার দিবাগত রাতে দুইটায় পৌর শহরের মধ্য গৌরীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
 
জানা গেছে, রাত দুইটায় মুখোশধারী ও হাফপ্যান্ট পরিহিত অন্তত ১৫ থেকে ২০ জনের একটি ডাকাতদল পৌর শহরের মধ্য গৌরীপাড়া গ্রামের ঠিকাদার মোরশেদ আলীর বাড়ির সদর দরজা ভেঙ্গে ঘরে ঢুকে পরিবারর সদস্যদের জিম্মি করে ফেলে। তাদের চিৎকারে মদিনা ফ্লাওয়ার মিলে অবস্থানরত প্রতিবেশী শ্রমিক নেতা রাজু আহম্মেদ ও তার ছোটভাই সাজু আহম্মেদ প্রতিরোধে এগিয়ে এলে ডাকাতদল তাদেরকেও মারপিট করে। এতে গৃহকর্তা মোরশেদ আলী (৪৪), তার স্ত্রী সামসুন নাহার (৩৬), তার ছেলে ইমন (১৮), প্রতিবেশী শ্রমিক নেতা রাজু আহম্মেদ (৩৪) ও তার ছোটভাই সাজু আহম্মেদ (৩০) আহত হন। এদের মধ্যে রাজু আহম্মেদ ও সাজু আহম্মেদের আবস্থা গুরুতর। এ সময় ডাকাতদল আশপাশের আরো চার বাড়ির লোকজনকে জিম্মি করে রাখে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসার আগেই তারা ওই বাড়ির নগদ অর্থ, স্বর্ণালংকারসহ ডাকাতির মালামাল নিয়ে পালিয়ে যায়।
 
গৃহকর্তা মোরশেদ আলী বলেন, ডাকাতদল নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ অন্তত ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। ডাকাতরা মুখোশধারী ও হাফপ্যান্ট পরিহিত ছিলেন।
 
ফুলবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।