হবিগঞ্জে ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন

হবিগঞ্জ সদর উপজেলায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে লায়েছ চৌধুরী (১৩) নামে এক স্কুলছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক নারীকে আটক করেছে পুলিশ।
 
শনিবার ময়নাতদন্ত শেষে তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। লায়েছ জেলা সদর উপজেলার রাজিউড়া বালিকান্দি গ্রামের সৌদি প্রবাসী নয়ন চৌধুরীর ছেলে। সে স্থানীয় উচাইল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র ছিল।
 
নিহতের পরিবার ও পুলিশ জানায়, লায়েছ চৌধুরীর সঙ্গে প্রায়ই তুচ্ছ বিষয় নিয়ে পার্শ্ববর্তী বাড়ির মারাজ মিয়ার ছেলে রিপন মিয়ার (২২) ঝগড়া হত। এরই ধারাবাহিকতায় শুক্রবারও তাদের মধ্যে ঝগড়া হয়। পরবর্তীতে বাড়ির লোকজন তাদের এ বিরোধ মিটিয়ে দেয়। বিকেলে তারা একসঙ্গে খেলাধুলা শেষে বাড়ি ফিরছিল। এ সময় লায়েছকে আটক করে রিপন মিয়া তার মোবাইল ফোনটি নেয়ার চেষ্টা করে। এক পর্যায়ে লায়েছকে উপর্যুপরি ছুরিকাঘাত করতে থাকে রিপন। এতে ঘটনাস্থলে লায়েছের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার কর সুরতহাল রিপোর্ট তৈরি করেন। পরে ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
 
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রিপনের ভাবী পারভিন আক্তারকে আটক করা হয়েছে।
 
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন জানান, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।