দায়িত্বে অবহেলার অভিযোগে শিল্প পুলিশের তিন কনস্টেবলকে সাসপেন্ড (সাময়িক বরখাস্ত) ও তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে পুলিশ সদর দফতর। শিল্প পুলিশ-১ এর সহকারী পুলিশ সুপার আশরাফুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। সাময়িক বরখাস্ত হওয়া এই তিনজন হলেন- কনস্টেবল পিনহারুল ইসলাম, ইমরান আজিজ ও আপেল মাহমুদ। সম্প্রতি আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় পুলিশের চেকপোস্টে আক্রান্ত সহকর্মীদের ফেলে পালিয়েছিলেন বলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে, চেকপোষ্টে দুর্বৃত্তদের হামলার সময় দায়িত্বরত পুলিশ সদস্যদের কাছে ৫টি অস্ত্র ছিল বলে জানা গেছে । তাদের কাছে গুলি ছিল ৫০ রাউন্ড ( প্রতি জনের কাছে ১০ রাউন্ড করে)। ইত্তেফাকের কাছে এ তথ্য নিশ্চিত করেছেন ঘটনা তদন্তে গঠিত টিমের একজন সদস্য। তিনি বলেন, তিন পুলিশ সদস্য কোন রকম প্রতিরোধ না করে কেন পালিয়ে গেলেন সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তারা কোন সদুত্তর দিতে পারেনি। তবে তারা বলেছেন, গুলি লোড করার সুযোগ পাননি। তবে প্রাথমিক তদন্তে দায়িত্বে অবহেলার অভিযোগ পাওয়ায় তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ঢাকা রেঞ্জের ডিআইজি একেএম মাহফুজুল হক নুরুজ্জামান বলেন, তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পরই গোটা বিষয় পরিস্কার হবে। তবে তিনি বলেন, দায়িত্বপালনকারী ৫ পুলিশ সদস্যই নবীন। তারা ট্রেনিং শেষে কিছুদিন আগে পুলিশ বাহিনীতে যোগদান করেছে। হামলাকারীরা আগেই থেকেই রেকি করে আসছিল। তারা নিশ্চিত হয়েছে ওই চেকপোস্টে পুলিশ কনস্টেবলদের হাতে রাইফেল থাকলেও গুলি লোড করা ছিলনা। এরপরই তারা হামলা চালায়।
গত ৪ অক্টোবর আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় একটি পুলিশ চেক পোষ্টে দূর্বৃত্তদের হামলায় মুকুল নামে এক শিল্প পুলিশ কনষ্টেবল নিহত হন এবং নূরে আলম নামে আরও একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই তার চিকিত্সা চলছে।