চট্টগ্রামে বিএনপির সমাবেশে ছাত্রদলের সংঘর্ষ

৭ নভেম্বর উপলক্ষে মহানগর বিএনপি আয়োজিত সমাবেশে ছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষ হয়েছে। গতকাল শনিবার বিকালে দলীয় কার্যালয় নাসিমন ভবনে এ সংঘর্ষ হয়।

 
সমাবেশ চলাকালে দলীয় নেতারা বক্তব্য দেয়ার সময় নগর ছাত্রদলের সভাপতি গাজী সিরাজ ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলুর অনুসারীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। উভয় পক্ষ পরস্পরের দিকে চেয়ার ছুঁড়ে মারে। এ ঘটনায় কয়েকজন আহত হয়। পরে নগর বিএনপি নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
 
 নগর বিএনপির এক নেতা জানান, বিভিন্ন কলেজে ছাত্রদলের কমিটি গঠন নিয়ে ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়। এর জের ধরে দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়েন। নগর বিএনপির সহ-সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির শিশু বিষয়ক সম্পাদক বেগম রোজী কবির। এর আগে গতকাল সকালে নগরীর বিপ্লব উদ্যানে নগর বিএনপির কর্মসূচিতে বাধা দেয় পুলিশ।
 
সেনবাগে পুলিশের বাধায় সভা পন্ড
 

সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা জানান,  উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে একই স্থানে একই সময়ে দুই গ্রুপ পৃথকভাবে সভা আহবান করলেও পুলিশের কঠোর অবস্থানের কারণে শেষ পর্যন্ত কোন পক্ষই সভা করতে পারেনি। এসময় সেনবাগ পৌর শহরের চারটি স্থানে বিএনপির দুই পক্ষ অবস্থান করে বেশ কিছু বোমার বিস্ফোরন ঘটনায়। এতে বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়লে তারা দোকানপাট বন্ধ করে দেয়।