নারায়ণগঞ্জে ছিনতাকারীর ছুরিকাঘাতে রাজু (৩৫) নামের এক ভ্যানচালক মারা গেছেন। রবিবার ভোর সাড়ে ৪টার দিকে ছিনতাইকারীর কবলে পড়েন রাজু। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওই ভ্যানচালক ফতুল্লাহ স্টেডিয়ামের পশ্চিম পাশের গলির বাসিন্দা ছিলেন।
রাজুর সঙ্গে থাকা কবির হোসেন বলেন, 'নারায়ণগঞ্জ কোর্ট এলাকা থেকে কার্টন বোঝাই করে নবাবপুরের উদ্দেশে রওয়া দেই আমরা। আনুমানিক ভোর সাড়ে ৪টার দিকে ভূঁইঘরের রূপায়ণ গলিতে পৌঁছালে হঠাৎ করে দুজন ছিনতাইকারী রাজুর পেটে ছুরিকাঘাত করে মোবাইল ও সঙ্গে থাকা টাকা ছিনিয়ে নেয়।'
আহত অবস্থায় রাজুকে প্রথমে স্থানীয় হাসপাতাল পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর সকাল ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলেও জানান কবির হোসেন।
ঢাকা মেডিকেল ক্যাম্প পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাশ বিষয়টি নিশ্চিত করেন।