যুক্তরাষ্ট্রে ক্রিকেট অল স্টার সিরিজ শুরু

প্রথম ম্যাচে ওয়ার্ন ওয়ারিয়র্সের জয়

মার্কিন যুক্তরাষ্ট্রে ক্রিকেট খেলা জনপ্রিয় করতে ক্রিকেট আল স্টারস তিন ম্যাচ সিরিজের প্রথম খেলায় শচীন ব্লাস্টারকে ৬ উইকেটে হারিয়েছে ওয়ার্ন ওয়ারিয়র্স। 
 
আটটি টেস্ট খেলুড়ে দেশের ২৮ জন সাবেক তারকা খেলোয়াড় এই সিরিজে খেলছেন। তাদের দুটি দলে ভাগ করে নেতৃত্ব দিচ্ছেন ক্রিকেট বিশ্বের দুই দিকপাল ভারতের শচীন টেন্ডুলকার ও অস্ট্রেলিয়ার শেন ওয়ার্ন। প্রথমবারের মত হলেও প্রায় ৩৬ হাজার দর্শক উপভোগ করেন ব্যতিক্রমী এই ক্রিকেট ম্যাচটি।
 
স্থানীয় সময় শনিবার দুপুর ১টায় নিউইয়র্কের সিটি ফিল্ডে অনুষ্ঠিত টি-টোয়েন্টি ম্যাচে টসে জিতে ব্যাট করতে আমন্ত্রণ জানান শচীন ব্লাস্টার্সকে। ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪০ রান সংগ্রহ করেন তারা। দলের পক্ষে উদ্বোধনী জুটি অধিনায়ক শচীন টেন্ডুলকার ও বীরেন্দ্র শেবাগ করেন সর্বোচ্চ ৫৫ রান। 
 
IMG0
 
প্রায় ৩৬ হাজার দর্শকের বেশিরভাগই ছিল ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলংকা এবং ওয়েস্ট ইন্ডিজের। তাদের হাতে বিভিন্ন দেশের জাতীয় পতাকা। ম্যাচ শুরুর আগে সাংস্কৃতিক পরিবেশনা ছিল দৃষ্টিনন্দন। 
 
১৪১ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে সাঙ্গাকারা, রিকি পন্টিং এবং জন্টি রোডসের অসাধারণ ব্যাটিংয়ে ১৭ দশমিক ২ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যান শেন ওয়ার্নের দল। ম্যাচে তিন উইকেট নিয়ে সেরা খেলোয়াড় হয়েছেন ওয়ারিয়র্সের অধিনায়ক শেন ওয়ার্ন। 
 
এদিকে খেলা শেষে সংবাদ সম্মেলনে হাজির হন শচীন টেন্ডুলকার, শেন ওয়ার্ন, শোয়েব আক্তার, কুমার সাঙ্গাকারা ও বীরেন্দ্র শেবাগ। তারা সকলেই নিউইয়র্কের দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 
 
IMG1
 
শেন ওয়ার্ন জানান, প্রথম ম্যাচেই এত দর্শক আমাদের প্রত্যাশাকে হার মানিয়েছে। সৌরভ গাঙ্গুলির না আসা প্রসঙ্গে শচীন টেল্ডুলকার জানান, সৌরভ পশ্চিম বঙ্গ ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি। জরুরি সভা থাকার কারণে তিনি আসতে পারেননি। তবে আগামী দুই ম্যাচে তিনি থাকবেন।  আগামী ১১ নভেম্বর টেক্সাসের হিউস্টনে এবং ১৪ নভেম্বর ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে শচীন ব্লাস্টার্স ও ওয়ার্ন ওয়ারিয়র্স।