সাতক্ষীরায় সাবেক মন্ত্রীর বাড়িতে ডাকাতি

জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ও  সাবেক তথ্য প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখত্ এর বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। শনিবার দিবাগত গভীর রাতে উপজেলার তেঁতুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। 
 
ঘটনার সময় সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখত্ তার ঢাকার বাড়িতে অবস্থান করছিলেন। বাড়িটি একই সঙ্গে অবিভক্ত বাংলার ডেপুটি স্পিকার প্রয়াত সৈয়দ জালাল উদ্দীন হাশেমী, আওয়ামী লীগের প্রয়াত সংসদ সদস্য সৈয়দ কামাল বখত্ সাকী ও তালা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত সৈয়দ খালেদ বখত্ (বুচু) এর মালিকানাধীন। ওই বাড়িতে নেতারা অনুপস্থিতিতে শেখ গোলাপ হোসেন নামের তাদের এক আত্মীয় বসবাস করেন। ডাকাতরা অস্ত্রের মুখে তার বাবা ও মাকে জিম্মি করে। এসময় ডাকাতরা ৭-৮ ভরি স্বর্ণালংকার ও নগদ লাখ টাকা নিয়ে চলে যায়। 
 
তালা থানার ওসি মো. রেজাউল ইসলাম জানান, ডাকাতির সংবাদ পেয়ে রবিবার সকালে তিনিসহ সাতক্ষীরা সদর সার্কেল এএসপি আতিক, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।