দুইদিনেও উদ্ধার হয়নি বি. বাড়িয়া পুলিশের ওয়্যারলেস

 
দুই দিন পেরিয়ে গেলেও এখনো উদ্ধার হয়নি পুলিশ কর্মকর্তার খোয়া যাওয়া ওয়্যারলেস সেট। গত শুক্রবার গভীর রাতে ব্রাহ্মণবাড়িয়া ট্রাফিক পুলিশ পরিদর্শক মো. বায়েজিদ, সাংবাদিকসহ ৫ জন নাসিরনগর যাবার পথে মাধবপুরের আদাউর নামক স্থানে দুর্বৃত্তদের হামলার শিকার হয়। এ সময়  দুর্বৃত্তরা মো. বায়েজিদের মোবাইল সেট, ওয়্যারলেস সেট এবং টাকা নিয়ে যায়।
 
এতে এএসপি (সদর) শফিকুল ইসলামকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত টিম গঠন করে অতিরিক্ত পুলিশ সুপার এম.এ. মাসুদ। একটি সূত্র জানায়, তদন্ত কমিটি ইতিমধ্যে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে গভীর রাতে কেন, কি উদ্দেশ্যে ট্রাফিক পরিদর্শক বায়েজিদ সেখানে গিয়েছিলেন তা নিয়ে পুলিশ প্রশাসনে জল্পনা-কল্পনা চলছে। পার্শ্ববর্তী জেলা হবিগঞ্জে বা কেন গিয়েছিলেন তা ধুম্রজালের সৃষ্টি হয়েছে।
 
সংশ্লিষ্ট সূত্র জানায়, পুলিশ কর্মকর্তার গভীর রাতে পার্শ্ববর্তী জেলায় যাওয়া ওয়্যারলেস সেট দুর্বৃত্তদের নিয়ে যাওয়াসহ বিভিন্ন বিষয় উচ্চ পর্যায়ে তোলপাড় চলছে। সিলেট রেঞ্জের পদস্থ এক কর্মকর্তা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে জেলা পুলিশের কর্মকর্তাদের কাছে ঘটনার আদ্যপান্ত জানতে চেয়েছেন।
 
এদিকে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ উক্ত ঘটনার তদন্ত কমিটিকে ট্রাফিক পরিদর্শক মো. বায়েজিদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের সুপারিশ করেছেন। ঘটনার পরপর খোয়া যাওয়া ওয়্যারলেস সেটের বিষয়টি ধামাচাপা দিতে সিনিয়র পুলিশ কর্মকর্তাদের ট্রাফিক পরিদর্শক লুকোচুরি খেলেন। এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে পুলিশ কর্মকর্তাদের মাঝে।