তিন উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী যারা

ইত্তেফাক ডেস্ক

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চাঁদপুরের হাজীগঞ্জ, নরসিংদীর পলাশ ও বাগেরহাটের ফকিরহাট এই তিন উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান প্রার্থীরা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। আমাদের সংবাদদাতাদের পাঠানো খবর:

হাজীগঞ্জ (চাঁদপুর): হাজীগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মাঈনুদ্দিন ও ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক মুরাদ বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন। বৃহস্পতিবার চেয়ারম্যান পদে একজন প্রার্থী ও ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন তারা।

আগামী ২৪ মার্চ শুধুমাত্র নারী ভাইস চেয়ারম্যান পদে এ উপজেলায় ভোটগ্রহণ হবে। নারী ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

শুক্রবার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এসব প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন— খাদিজা বকাউল, শিউলী আক্তার, মুক্তা আক্তার, মির্জা শিউলি পারভীন ও পারভীন ইসলাম।       

সহকারী রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেম জানান, চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে এখন একজন করে প্রার্থী রয়েছেন। শুধু নারী ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী রয়েছেন। আগামী ২৪ মার্চ নারী ভাইস চেয়ারম্যান পদে ভোট হবে।

পলাশ (নরসিংদী): প্রতিদ্বন্দ্বী না থাকায় ভোট ছাড়াই চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের তিনটি পদেই বিজয়ী হলেন পলাশ উপজেলার তিন প্রার্থী। ৩য় ধাপে ২৪ মার্চ নরসিংদীর পলাশ উপজেলা পরিষদের নির্বাচন হওয়ার কথা ছিল। শুক্রবার নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রতীক বরাদ্দের সময় রিটার্নিং কর্মকর্তা ও নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুল আউয়াল পলাশ উপজেলায় তিনটি পদের সবকটিতে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে প্রার্থীদের হাতে নির্বাচিত হওয়ার চিঠি দেন। 

প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় এবার ও ২য়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হলেন আওয়ামী লীগের নৌকার প্রার্থী ও পলাশ উপজেলা যুবলীগের সভাপতি সৈয়দ জাবেদ হোসেন। একইভাবে ভাইস চেয়ারম্যান পদে কারীউল্লা সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সেলিনা আক্তারও বিনা ভোটে নির্বাচিত হয়েছেন।

সহকারী রিটার্নিং অফিসার ও পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াসমিন জানান, নির্বাচন বিধি মোতাবেক অন্য কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় তারা বিনা ভোট নির্বাচিত হলেন।

ফকিরহাট (বাগেরহাট): ফকিরহাটে উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র বাছাই পর্বে বাদ পড়েছেন জাতীয় পার্টির মনোনীত চেয়ারম্যান প্রার্থী শেখ আলাল উদ্দিন আলাল। অন্যদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান।

উপজেলা নির্বাচন অফিসার এস এম হাবিবুর রহমান জানান, কাগজপত্রে ত্রুটি থাকায় বাছাইপর্বে উপজেলা চেয়ারম্যান প্রার্থী জাতীয় পার্টির মনোনীত শেখ আলাল উদ্দিন আলাল বাদ পড়েন। ভাইস চেয়ারম্যান পদের জন্য কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা না দেয়ায় বিনা ভোটে নির্বাচিত হতে চলেছেন পুরুষ ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা ও মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম সাথি। শুধুমাত্র চেয়ারম্যান পদে নির্বাচনে আওয়ামী লীগের মানোনীত প্রার্থী সপথ দাশ ও ওয়ার্কার্স পার্টির প্রার্থী মোহাম্মদ মোড়ল ভোটের লড়ায়ে মাঠে রয়েছে।