নোয়াখালী বিভাগ চাই, এ প্রশ্নে আপোষ নাই। এ দাবি বাস্তবায়নে রবিবার সকাল সাড়ে ১০ থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত প্রায় দুই ঘন্টা ধরে পুরো জেলা স্থবির হয়ে পড়ে।
এ সময় জেলা শহরে আওয়ামী লীগ ও বিএনপিসহ সকল রাজনৈতিক দলের নেতাকর্মি, ব্যবসায়ী-শ্রমিক-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতা ও সমর্থক এবং সর্বস্তরের মানুষ রাস্তায় নেমে এসে মানববন্ধনে অংশ গ্রহণ করলে জনশ্রোতে পরিণত হয়।
নোয়াখালী বিভাগ বাস্তবায়ন কমিটির আহ্বানে নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে নোয়াখালী গেইট পর্যন্ত ১০ কিলোমিটার এ মানববন্ধনে লাখ মানুষের ঢল নামে। একই সময় জেলার প্রধান সড়কগুলোতে যানবাহন স্থির হয়ে পড়ে এবং যাত্রীরাও মানববন্ধনে অংশগ্রহণ করেন।
IMG0
জেলা শহরের টাউন হল চত্ত্বরে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন কমিটির এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক ও নোয়াখালী সদরের এমপি একরামুল কমির চৌধুরী। বক্তব্য রাখেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপাচার্য্য প্রফেসর ড. এম ওহিদুজ্জামান, জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম সেলিম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক নোয়াখালী পৌর মেয়র হারুনুর রশিদ আজাদ, বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. শিহাব উদ্দিন শাহিন, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার মোজাম্মেল হক মিলন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এবিএম জাকারিয়া, নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি আলমগীর ইউসুফ, চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি গোলাম জিলানী দিদার, পৌর বণিক সমিতির সভাপতি সাইফ উদ্দিন সোহান, দোকান কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি ইব্রাহিম খলিল মজনু প্রমুখসহ স্কুল-মাদ্রাসা, কলেজের প্রধান ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
IMG1
মানববন্ধনের শুরুতে কোরআন তেলাওয়াত, জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলণ, বেলুন উড্ডয়ন ও নোয়াখালীর আঞ্চলিক গানের সম্রাট অধ্যাপক মোহাম্মদ হাসেম ও তার সঙ্গীদের আঞ্চলিক গান পরিবেশন করা হয়। পরে বিভাগ বাস্তবায়ন দাবিতে প্রাধানমন্ত্রী বরাবর জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌসের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়।
এ ছাড়া বেগমগঞ্জে চৌমুহনী পৌর মেয়র আক্তার হোসেন ফয়সাল, সোনাইমুড়ীতে উপজেলা চেয়ারম্যান বিএনপি সভাপতি আনোয়ারুল হক কামাল উদ্দিন ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমিনুল ইসলাম বাকের, কবিরহাটে পৌর মেয়র জহিরুল হক রায়হান, কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল ও বসুরহাট পৌর মেয়র মির্জা আবদুল কাদের ও সুবর্ণচর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শহীদ সারওয়ার্দি ও আওয়ামী লীগ নেতা হানিফ চৌধুরী প্রমুখের উপস্থিতিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।