নড়াইলের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে হামলার প্রস্তুতিকালে লাঠি-লোহার রড-লোহার পাইপসহ চারজনকে আটক করেছে পুলিশ। রবিবার দুপুরে তাদের আটক করা হয়। এ সময় ও ইটভর্তি দুটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে। আটককৃতরা হলেন, জেলার লোহাগড়া পৌরসভার রাজুপুর এলাকার আলামিন মোল্যা (২৮), অনু মোল্যা (১৮), জামাল মোল্যা (৬০) ও চালক মাসুদ রানা (৩০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে ১৭/১৮ জনের একটি দল দুটি মাইক্রোবাসে করে আদালত চত্বরে প্রবেশ করে। এ সময় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ওই দুই মাইক্রোবাসে তল্লাশি করে কয়েকজনকে লাঠি-লোহার রড-লোহার পাইপসহ আটক করে ও ইটভর্তি মাইক্রোবাস দুটি জব্দ করে।
আটক আলামিন মোল্যা বলেন, ‘পৌরসভার রাজুপুর গ্রামের চুন্নু শেখ গ্রুপের সঙ্গে তাদের শত্রুতা চলে আসছিল। এর জের ধরে কিছু দিন আগে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ হলে ওই ঘটনায় মামলা হয়। রবিবার আলামিন গ্রুপের লোকজন আদালতে হাজিরা দিতে আসলে পথে তাদের উপর আক্রমণ করবে বলে চুন্নু গ্রুপের শওকত শেখ মোবাইলে হুমকি দেন। আত্মরক্ষার জন্য তারা লাঠি- লোহার রড নিয়ে এসেছিল।’
তবে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, একটি মামলার বাদী পক্ষ ও তার আইনজীবীদের হুমকি প্রদান করে আসছিলেন আটকরা।