নিউজিল্যান্ডের প্রয়োজন বৃষ্টি, অস্ট্রেলিয়ার ৭ উইকেট

ব্রিসবেন টেস্টে নিউজিল্যান্ডের জন্য স্বস্তি হয়ে এসেছে বৃষ্টি। রেকর্ড লক্ষ্য তাড়া করতে নেমে ৩ উইকেটে ১৪২ রান তুলে চতুর্থ দিনের খেলা শেষ করেছে সফরকারীরা।
 
সিরিজের প্রথম টেস্ট জিততে ম্যাচের শেষ দিনে আগামীকাল সোমবার অস্ট্রেলিয়ার প্রয়োজন ৭ উইকেট। অন্যদিকে, সফরকারী নিউজিল্যান্ডকে জিততে হলে করতে হবে ৩৬২ রান। 
 
এর আগে জয়ের জন্য এই ম্যাচে নিউজিল্যান্ডকে ৫০৪ রানের টার্গেট দিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডের আশা হয়ে ছিলেন কেন উইলিয়ামসন।  সর্বোচ্চ ৫৯ রান করে আউট হয়েছেন প্রথম ইনিংসে সেঞ্চুরি করা কেন উইলিয়ামসন। ব্যক্তিগত ২০ রান নিয়ে অপরাজিত রয়েছেন রস টেলর। তার সঙ্গী অধিনায়ক ব্রেন্ডন ম্যাককুলাম অপরাজিত রয়েছেন ৪ রান নিয়ে।
 
IMG0
 
ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ডে চলমান এই ম্যাচে ৪ উইকেটে ৫৫৬ রান নিয়ে প্রথম ইনিংস ঘোষণা করেছিল স্বাগতিকরা। জবাবে প্রথম ইনিংসে নিউজিল্যান্ড অলআউট হয়েছে ৩১৭ রানে। এরপর ৪ উইকেটে ২৬৪ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। ফলে জয়ের জন্য সফরকারী কিউইদের সামনে টার্গেট দাঁড়িয়েছে ৫০৪ রানের।
 
জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে রবিবার বৃষ্টি বিঘ্নিত খেলায় খুব একটা সুবিধা করতে পারেনি ব্রেন্ডন ম্যাককালামের দল। দলীয় ৪৪ রানে ওপেনার টম লাথামকে হারিয়েছে তারা। এরপর ৮৯ রানে বিদায় নিয়েছেন অপর ওপেনার মার্টিন গাপটিল। আর ১৩৬ রানে উইলিয়ামসনও সাজঘরের পথ ধরলে ব্যাকফুটে চলে যেতে হয়েছে সফরকারীদের। 
 
IMG1
 
আগামীকাল সোমবার অসম্ভব এক মিশন নিয়ে মাঠে নামবে নিউজিল্যান্ড। টেস্ট ইতিহাসেই সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড হচ্ছে ৪১৮। ২০০৩ সালে সেন্ট জোনসে অস্ট্রেলিয়ার বিপক্ষেই এই রান তাড়া করে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। বৃষ্টি ভেজা গ্যাবায় পঞ্চম দিনে মিচেল জনসন ও মিচেল স্টার্ককে সারাদিন সাত উইকেট হাতে নিয়ে খেলে ড্র করতে পারবে এমন প্রত্যাশা সবচেয়ে কট্টর কিউই সমর্থকও করবে না।
 
নিউজিল্যান্ডের সহায় হতে পারে একমাত্র বৃষ্টি। আজকের মতো যদি আগামীকালের দিনটিও বৃষ্টিতে ভেসে যায় তাহলে ড্রয়ের প্রত্যাশা করতে পারে নিউজিল্যান্ড।ক্রিকইনফো।