চেলসির খেলোয়াড়দের পাশে পাচ্ছেন মরিনহো

 
চ্যাম্পিয়ন্স লিগে দিনামো কিয়েভের বিপক্ষে জয় কিছুটা স্বস্তি এনে দিয়েছিল হোসে মরিনহোকে। কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগে স্টোক সিটির কাছে চেলসির হারে আবার তা উবে গেছে। পর্তুগিজ এই কোচের এখন সান্ত্বনা একটাই, এই দু:সময়েও শিষ্যদের পাশেই পাচ্ছেন তিনি।
 
গত শনিবার স্টোক সিটির মাঠ থেকে ১-০ গোলে হেরে আসে চেলসি। লিগে এটি চেলসির ১২ ম্যাচে সপ্তম হার। এক ম্যাচের নিষেধাজ্ঞার কারণে এই ম্যাচে স্টেডিয়ামে থাকতে পারেননি মরিনহো। লিগের বর্তমান চ্যাম্পিয়নদের নতুন মৌসুমটা খুবই বাজে কাটছে। স্টোক সিটির কাছে হারের পর ১২ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে তালিকার ষোড়শ স্থানে আছে চেলসি।
 
চেলসিতে মরিনহোর ভবিষ্যতে নিয়ে অনেক আগেই প্রশ্ন উঠেছিল। স্টোকের কাছে হেরে যাওয়ার পর এই আলোচনায় আবার জোর হাওয়া লেগেছে। কিন্তু ম্যাচ শেষে ক্লাবটির খেলোয়াড়রা তাদের অবস্থানের কথা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। চেলসি খেলোয়াড়দের মনের কথাটা ম্যাচ শেষে জানিয়ে দেন গোলরক্ষক আসমির বেগোভিচ।
 
'আমরা কোচের পাশেই আছি। আপনারা এটা আমাদের পারফরম্যান্স থেকেই দেখতে পারেন।' বেগোভিচ মনে করেন, চেলসির কোচ হিসেবে মরিনহোই সঠিক ব্যক্তি। বিডি নিউজ।