গাজীপুরের শ্রীপুর উপজেলায় অবস্থিত জে জে ফ্যাশন লিমিটেড নামে একটি পোশাক কারখানার ৩৭ লাখ টাকা ছিনতাই হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
রবিবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সিটি কর্পোরেশনের সালনা এলাকায় এ ঘটনা ঘটে।
কারখানার সহকারী ব্যবস্থাপক প্রশাসন জামিল ইবনে বাশার জানান, দুপুর দুইটার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের চান্দনা চৌরাস্তায় ডাচ বাংলা ব্যাংক থেকে ৩৭ লাখ টাকা তুলে তিনি মাইক্রোবাসে করে শ্রীপুরের কারখানায় যাচ্ছিলেন। সালানা ব্রিজের দক্ষিণ পাশে মাইক্রোবাসটি পৌঁছালে সামনে থাকা দুটি গাড়ি থেমে যায়। এ সময় তাদের বহনকারী মাইক্রোবাসটি আটকা পড়ে যায়। এরপর সামনের দিক থেকে তিনটি মোটরসাইকেলে ৫-৬ জন যুবক দুটি আগ্নেয়াস্ত্রসহ দেশীয় অস্ত্র নিয়ে আমাদের মাইক্রোবাসে হামলা ও ভাঙচুর করে। এক পর্যায়ে তারা টাকা নিয়ে দ্রুত পালিয়ে যায়।
জয়দেবপুর থানার এসআই অজয় কুমার চক্রবর্তী জানান, এ ঘটনায় মামলা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।