কন্যা সন্তানের বাবা হলেন সাকিব

সাকিব-শিশিরের ঘর আলো করে এসেছে একটি কন্যা সন্তান। সোমবার ভোর চারটার দিকে পৃথিবীতে আসে তাদের প্রথম সন্তান। সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির ও নবজাতক দুজনই সুস্থ আছেন। পারিবারিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
 
সাকিব জানিয়েছিলেন, স্ত্রীর অনুরোধেই তিনি খেলতে এসেছেন। কিন্তু মাত্র একটি ম্যাচ খেলেই তাকে ফিরে যেতে হয় স্ত্রীর কাছে। সন্তান হওয়ার সময় স্ত্রীর পাশে থাকতেই রবিবার দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হন তিনি।
 
তিনি তার ফেসবুকে লেখেন- 'সুন্দর এই রবিবারে, ৮ই নভেম্বর ২০১৫-এ আমি ও শিশির পরম করুনাময়ের অশেষ রহমতে স্বর্গের একটি টুকরো পেয়েছি। শিশির ও আমাদের আদরের রাজকন্যা সুস্থ আছে। সবাইকে তাদের দোয়া, শুভেচ্ছা ও অভিনন্দনের জন্য ধন্যবাদ। আমাদের জন্য দোয়া করবেন, বিশেষ করে আমাদের মেয়ের জন্য, যাতে সে গড়ে উঠতে পারে তার পূর্ণ প্রতিভায়, মমতায় ও সকলের ভালোবাসায়। আমিন।'
 
২০১২ সালের ১২ ডিসেম্বর উম্মে আহমেদ শিশিরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সাকিব আল হাসান। চলতি বছরের ২৭ জুন জানা যায় তার স্ত্রী সন্তানসম্ভবা।