রামগতিতে জমি দখল নিয়ে হামলায় নিহত এক

রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা

রামগতিতে জমি দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আবুল বাশার নামে একজন নিহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার রামদয়াল বাজার সংলগ্ন আলেকজান্ডার-সোনাপুর আঞ্চলিক সড়কের পাশে এ ঘটনা ঘটে। হামলায় নিহতের ছেলে গুরুতর আহত আবদুল মুকিত সোহেল ও প্রতিবেশী নাছির উদ্দিনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত বাশার চর টগবী গ্রামের আবদুর রশিদের ছেলে। এ ঘটনায় ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।

নিহতের ছেলে আবুল হাসনাত শওকত দাবি করেন, পার্শ্ববর্তী চর আলগী গ্রামের মুক্তিযোদ্ধা মৃত আবুল বাশার জীবিত থাকাকালীন এ জমি তাদের কাছে বিক্রি করেন। এরপর থেকে তাদের দখলেই ছিল। শনিবার আবুল বাশারের ছেলে নুর মোহাম্মদ দলবল নিয়ে জোরপূর্বক জমিতে মাটি ভরাট করতে যায়। এতে বাধা দিলে তাদের ওপর হামলা চালানো হয়।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম আরিচুল হক জানান, বিতর্কিত জমির দখল নিয়ে হামলায় আবুল বাশার নিহত হন। তার লাশ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেফতার করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।