ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় শহীদ মিয়া (৪৩) নামে এক বাক প্রতিবন্ধীকে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রবিবার রাতে উপজেলার ফান্দাউক মাছ বাজার সুইপার কলোনিতে এ ঘটনা ঘটেছে। নিহত শহীদ মিয়া কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার বাসিন্দা। দীর্ঘ দিন ধরে তিনি উপজেলা সদর, চৈয়ারকুড়ি ও ফান্দাউক সুইপার কলোনিতে কাজ করে জীবিকা নির্বাহ করে আসছিলেন।
ঘটনার রাতে শহীদ ফান্দাউক মাছ বাজার সুইপার কলোনিতে বিজয় ওরফে বাবুল একটি ঘরের বারান্দায় ঘুমিয়ে ছিলেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান হাজি ফারুকুজ্জামান ফারুক জানান, দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করার চেষ্টাকালে শহীদের ঘুম ভেঙ্গে যায়। এ সময় শহীদ দুর্বৃত্তদের বাধা দিলে তারা ধারাল অস্ত্র দিয়ে তার পেটে আঘাত করে। এতে ঘটনাস্থলেই শহীদ মারা যান।
সংবাদ পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে। সোমবার সকালে শহীদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।