বরিশালের বাবুগঞ্জ উপজেলার ভুতেরদিয়া গ্রামে শিশু কন্যা অপহরণের দায়ে আব্দুল কুদ্দুস নামে এক ব্যক্তিকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবু তাহের আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত কুদ্দুস ভুতেরদিয়া গ্রামের বাসিন্দা।
উল্লেখ্য, ২০০১ সালের ১৬ ডিসেম্বর গভীর রাতে আব্দুল কুদ্দুস ওই গ্রামের আব্দুল ওহাব খানের ঘরের জানালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ১১ বছর বয়সী শিশু কন্যা লাইজু আক্তারকে অপহরণ করে নিয়ে যায়। একই সঙ্গে নগদ টাকাসহ ২১ হাজার টাকার মালামালও লুট করে নেয়। এ ঘটনায় ও্ই বছরের ২৫ ডিসেম্বর আব্দুল ওহাব খান স্থানীয় থানায় মামলা করেন।
২০০২ সালের ২৮ মার্চ মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে কুদ্দুসকে অভিযুক্ত করে আদালতে চার্জসিট দাখিল করে। দীর্ঘ ১৪ বছর বিচারিক কার্যক্রম চলাকালে আদালত আটজনের সাক্ষ্য গ্রহণ করে।