রাজধানীতে বাসচাপায় পুলিশ সদস্য নিহত

রাজধানীর বিমানবন্দর এলাকায় বাসচাপায় সহকারী উপপরিদর্শক (এএসআই) শফিকুল ইসলাম নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।সোমবার রাত সাড়ে ১০টার দিকে বিমানবন্দর গোলচত্বর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
 
শফিকুল ইসলাম উত্তরখানের মুনডা এলাকায় থাকতেন। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে। তার বাবার নাম মোজাম্মেল হক মুজিব।
 
নিহতের সহকর্মী মোহাম্মদ আলী জানান, শফিকুল ইসলাম বিমানবন্দর থানায় কর্মরত ছিলেন। রাতে ডিউটি করে বাড়ি ফেরার জন্য গোলচত্বরে বাসের জন্য অপেক্ষা করছিলেন। বলাকা পরিবহণের একটি বাসকে প্রভাতী পরিহবণের একটি বাস অতিক্রমের চেষ্টা করে। এসময় একটি বাসের চাপায় আহত হন শফিকুল। তাকে উদ্ধার করে উত্তরার একটি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মর্গে রাখা হয়েছে।
 
বিমানবন্দর থানার এসআই বিকাশ কুমার পাল জানান, ২০০৫ সালে কনস্টেবল পদে যোগদাল করেন শফিকুল ইসলাম। গত ২৬ অক্টোবর এএসআই পদে উন্নতি হয়।
 
বাস দুইটিকে জব্দ করা হলেও কাউকে আটক করা যায়নি বলেও তিনি জানান।