চট্টগ্রামে আজ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে চার ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দল। আগে ব্যাট করে ৪৯.১ ওভারে মাত্র ১৪৫ রানেই গুটিয়ে গেছে সফরকারীদের ইনিংস। স্বাগতিকদের জয়ের জন্য প্রয়োজন ১৪৬ রান।
জবাবে ৫ ওভারে ১৯ রান তুলতেই তিন উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশ।
এর আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সকালে টস জিতে সফরকারীদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান স্বাগতিক অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ইনিংসের দ্বিতীয় ওভারেই দলকে সফলতা এনে দেন পেসার সাইফউদ্দিন। সাইফের বলে শূন্য রানে বিদায় নেন জিম্বাবুয়ের ওপেনার শন সিন্ডার। এরপর ৫৬ থেকে ৬৭, মাত্র ১১ রানের মধ্যে সফরকারীদের আরো ৩ উইকেট তুলে নেন স্বাগতিক বোলাররা। এক পর্যায়ে ৩৬.১ ওভারে ৯৮ রানেই ৭ উইকেট হারিয়ে ফেলে জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দল। শেষ পর্যন্ত উইলিয়াম মাশিঙ্গের ৩৮ রানের সুবাদে সবকটি উইকেট হারিয়ে ১৪৫ রান করতে পারে তারা। নবম ব্যাটসম্যান হিসেবে সাইফের বলে বোল্ড হন মাশিঙ্গে। ওপেনার জেরেমি ইভেসের ব্যাট থেকে আসে ইনিংস সর্বোচ্চ ৪১ রান।
৯.১ ওভার বল করে মাত্র ১৯ রানের বিনিময়ে ৩ উইকেট নেন সালেহ আহমেদ। ১০ ওভারে ২৩ রান খরচায় ৩ উইকেট নেন আরিফুল। আর সাইফ ২ উইকেট নেন ৩২ রানের বিনিময়ে। এ ছাড়া অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও সাঈদ সরকারের ঝুলিতে জমা পড়ে একটি করে উইকেট।