রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। নিহত এএসআই শ্রী চঞ্চল কুমার মন্ডল (৪০) ঢাকায় কর্মরত ছিলেন।
মঙ্গলবার সকাল ১০টার দিকে মহানগরীর কোর্ট একাডেমি স্কুলের সামনের সড়কে এ ঘটনা ঘটে। চঞ্চল জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার ভান্ডারিপুর গ্রামের শ্রী কাঞ্চন কুমার মন্ডলের ছেলে। পুলিশ জানায়, মঙ্গলবার সকালে রাজশাহীর আরএমপির পুলিশ লাইনে কর্মরত চাচাতো ভাই আনন্দ কুমারের কাছে যান চঞ্চল। সকাল ১০ টার দিকে চঞ্চল মোটরসাইকেলে করে আদালতে সাক্ষী দিতে যাচ্ছিলেন। কোর্ট একাডেমি স্কুলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত একটি অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী পুলিশ সদস্য চঞ্চল ঘটনাস্থলে অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান চঞ্চল আগেই মারা গেছেন।
নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হক জানান, তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অটোরিকশা ও এর চালককে আটক করা যায়নি।