সিলেট নগরীর বাগবাড়িতে রাসেল আহমদ (৩২) নামে এক যুবককে হত্যার পর লাশ তার বাসার সামনে ফেলে গেছে দুর্বৃত্তরা। তিনি নগরীর বাগবাড়ি নরশিংটিলায় ভাড়া বাসায় থাকতেন।
মঙ্গলবার সকালে পুলিশ লাশটি উদ্ধার করেছে। রাসেল বালাগঞ্জ উপজেলার রশিদপুর গ্রামের আবদুল খালিকের ছেলে।
নিহতের ভাই সেলিম মিয়া জানান, চারদিন আগে রাসেল বিয়ে করেছেন। মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে তার লাশ ফাঁস লাগানো অবস্থায় বাসার সামনে পড়ে থাকতে দেখেন।
তিনি জানান, শুক্রবার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মন্ডলপুর গ্রামের মোস্তফা মিয়ার মেয়ে রওশন বেগমকে (১৯) বিয়ে করেন রাসেল আহমদ। রওশন বেগম বাগবাড়ি ফুফুর বাসায় থাকতেন। সেখানেই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়।
কোতোয়ালি মডেল থানা পুলিশের ধারণা, বিয়ে সংক্রান্ত বিরোধের জের ধরে রাসেলকে হত্যা করা হয়েছে।