সংসদের যেকোনো উদ্যোগে সহায়তা দেবে টিআইবি

 
সম্প্রতি প্রকাশিত ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ‘পার্লামেন্ট ওয়াচ’ প্রতিবেদন নিয়ে গত সোমবার জাতীয় সংসদে অনুষ্ঠিত বিতর্ক ও আলোচনাকে ইতিবাচক বিবেচনা করছে সংস্থাটি।
 
মঙ্গলবার এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘জাতীয় সংসদে সম্মানিত সংসদ-সদস্যরা টিআইবির প্রকাশিত ‘পার্লামেন্ট ওয়াচ’ প্রতিবেদনকে যেভাবে গুরুত্ব দিয়ে আলোচনা করেছেন তাকে ইতিবাচক এবং টিআইবির কাজের স্বীকৃতি হিসেবে বিবেচনা করছি। ‘পার্লামেন্ট ওয়াচ’ প্রতিবেদন সম্পর্কে সংসদে গৃহিত যেকোনো পদক্ষেপে টিআইবি সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত আছে।’
 
সংসদকে কার্যকর করার জন্য উক্ত প্রতিবেদনে উপস্থাপিত তথ্য, বিশ্লেষণ ও সুপারিশগুলো যথাযথ বিবেচনাপূর্বক প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এ প্রসঙ্গে ২০০১ সালের অষ্টম সংসদ থেকে শুরু করে ধারাবাহিকভাবে টিআইবি’র প্রণীত ‘পার্লামেন্ট ওয়াচ’ সিরিজের প্রতিবেদনসমূহ খতিয়ে দেখাও যথার্থ হবে বলে টিআইবি মনে করে।
 
গত ২৫ অক্টোবর ‘পার্লামেন্ট ওয়াচ’ প্রতিবেদন জাতীয় সংসদকে ‘পুতুল নাচের নাট্যশালা’ আখ্যায়িত করে ইফতেখারুজ্জামান বলেছিলেন, ‘বর্তমান সংসদ ক্ষমতাসীন দলের একচ্ছত্র আধিপত্য বিস্তারের ভুবনে পরিণত হয়েছে। সংসদের বাইরের রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার প্রাতিষ্ঠানিক ফোরামে পরিণত হয়েছে।’
 

এরপর সোমবার সংসদে অনির্ধারিত আলোচনায় টিআইবিকে সংসদে তলব করতে বলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। ইফতেখারুজ্জামানের বক্তব্যে সংসদের ‘অবমাননা হয়েছে’ মন্তব্য করে ক্ষমতাসীন দলের এই জ্যেষ্ঠ নেতা প্রতিষ্ঠানটির আয়ের উত্সও খতিয়ে দেখার কথা বলেন। আর আওয়ামী লীগের জ্যেষ্ঠ সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত ইফতেখারুজ্জামানকে ‘অশিক্ষিত ডক্টরেট’ আখ্যায়িত করে তাকে অবিলম্বে ‘অবনত মস্তকে’ ক্ষমা চাওয়ার আহ্বান জানান।