অপহৃত নববধূর আদালতে জবানবন্দি

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় বরের গাড়ি থেকে অপহৃত হওয়ার পর উদ্ধার হওয়া নববধূ আদালতে জবানবন্দি দিয়েছে।
 
মঙ্গলবার জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চাঁদনী রূপমের আদালতে নববধূর জবানবন্দি রেকর্ড করা হয়।
 
আদালতকে তিনি জানান, তার সঙ্গে মোফাজ্জলের প্রেমের কোনো সম্পর্ক ছিল না। বড় ভাইয়ের বন্ধু হিসেবে তিনি তাকে চিনতেন। বিয়ের পর স্বামীর বাড়ি যাওয়ার পথে মোফাজ্জল ও তার দলবল জোরপূর্বক তুলে নিয়ে তাকে ধর্ষণ করেছে।
একই আদালতে সাক্ষী হিসেবে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে হালিমা খাতুন।
 
তিনি আদালতকে জানান, তার ছেলের দোকান থেকে জিনিসপত্র নিত মোফাজ্জল। সে হিসেবে মোফাজ্জলকে তিনি আগে দেখেছেন। সুবর্নাকে বৌ পরিচয় দিয়ে তার বাড়িতে নিয়ে আসে মোফাজ্জল। ওই বাড়ি থেকে রবিবার রাতে র‌্যাব নববধূকে উদ্ধার ও তিনজনকে গ্রেফতার করে।
 
এ ঘটনায় নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাসিস্ট্রেট আশিক ঈমামের আদালতে ঘটনার মূলহোতা মোফাজ্জল ও তার দুই সহযোগী রুবেল ও সুজনের রিমান্ড শুনানি হয়। শুনানি শেষে আদালত মোফাজ্জলকে তিনদিন এবং তার সহযোগী রুবেল ও সুজনের দুইদিন করে রিমান্ড মঞ্জুর করে। এর আগে জিজ্ঞাসবাদের জন্য পাঁচদিনের রিমান্ড চেয়ে পুলিশ আসামিদের আদালতে হাজির করে।
 
এদিকে আদালতে হাজির করার আগে নারায়ণগঞ্জ ১০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নববধূর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
 
উল্লেখ্য,  শুক্রবার সন্ধ্যায় আড়াইহাজার উপজেলার রসুলপুরে ওই নববধূকে বরের গাড়ি থেকে অপহরণ করে আসামিরা। রবিবার রাত পৌনে ১০টার দিকে গাজীপুরের কালিগঞ্জের জামালপুর মীরপাড়া এলাকা থেকে ওই নববধূকে উদ্ধার ও অপহরণে জড়িত  তিন আসামিকে গ্রেফতার করে র‌্যাব। এ ঘটনায় মামলা হয়।