ঝিনাইদহে নারীকে শ্বাসরোধ করে হত্যা

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ফতেপুরে গ্রামে কবরী বেগম (৩০) নামের এক নারীকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাতে এ হত্যাকাণ্ড ঘটে। বুধবার ভোরে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। নিহতের স্বামী লিটন মণ্ডল বিদেশে থাকেন বলে জানা গেছে। 
 
হরিণাকুণ্ডু থানার ওসি এরশাদুল কবির চৌধুরি জানান, রাতে কবরী বেগম তার ৮-৯ বছরের ছেলেকে নিয়ে ঘরের এক রুমে ঘুমিয়ে ছিলেন। পাশের রুমে ঘুমিয়ে ছিলেন তার শ্বাশুড়ি। রাত একটার দিকে শাশুড়ির কাছ খেকে চাবি নিয়ে দরজা খুলে বাথ রুমে যান। ঘরের বাইরে বের হওয়ার পর শাশুড়ি গোঙ্গানীর শব্দ শুনতে পান। 
এরপর কোনো সাড়া শব্দ না পেয়ে খোঁজাখুঁজির পর বাড়ি থেকে ৫’শ গজ দূরে একটি আখ ক্ষেতের ভেতর কবরীর লাশ পাওয়া যায়। 
 
ওসি আরও জানান, তাকে গলায় ফাঁস দিয়ে হত্যার পর ছেঁচড়ে নিয়ে আখ ক্ষেতে লাশ ফেলে যায় দুর্বৃত্তরা। রাত ২টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।