সড়ক দুর্ঘটনায় বগুড়া কুমিল্লা ও বান্দরবানে ৫ জন নিহত

সড়ক দুর্ঘটনায় গতকাল শনিবার বগুড়া, কুমিল্লা ও বান্দরবানে ৫ জন নিহত হয়েছে। এর মধ্যে বগুড়ার আদমদীঘিতে সিএনজি ও মাইক্রোবাসের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। চান্দিনায় বাস চাপায় এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এছাড়া বান্দরবানের থানচিতে এক কার্বারি নিহত হয়েছেন। আমাদের জেলা প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।

আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা জানান, বগুড়া-নওগাঁ মহামড়কের আদমদীঘিতে সিএনজি ও মাইক্রোবাসে মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৫। নিহতরা হলেন, আদমদীঘির নশরতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেবতী সহনের ভাই শ্যামল (৫৫) দুপচাঁচিয়ার আফজাল হোসেন (৪৫) ও অজ্ঞাত (৬৫)। গতকাল শনিবার মুরইল বাসস্টান্ডের পশ্চিম পার্শ্বে গতকাল শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ সিএনজি ও মাইক্রোবাস উদ্ধার করে থানায় নিয়ে আসে।

চান্দিনা ও বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা জানান, কুমিল্লার চান্দিনায় বাস চাপায় মো. তুহিন আহমেদ (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। শনিবার সন্ধ্যা ৬টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার কাঠেরপুল এলাকায় এ ঘটনা ঘটে। এতে আহত হয় তারেকুর রহমান নামে আরও এক পরীক্ষার্থী।

নিহত তুহিন কুমিল্লার সদর উপজেলার আমতলী গ্রামের মমিন মিয়ার ছেলে। আহত তারেকুল একই গ্রামের জিয়াউর রহমান এর ছেলে। তারা উভয় কুমিল্লা আমতলী এলাকার আলেকজান মেমোরিয়া হাই স্কুলের ছাত্র।

প্রত্যক্ষদর্শী জানায়, তারা উভয়ে মোটর সাইকেলযোগে আমতলী থেকে চান্দিনায় যাচ্ছিল। তারা কাঠেরপুল হাইওয়ে পুলিশের ডাম্পিং গ্রাউন্ডের সামনে আসার পর ঢাকাগামী এনা পরিবহনের একটি বাস চাপা দেয়। এসময় মটোর সাইকেল আরোহী তারেকুল ছিটকে মহাসড়কের পাশে পড়ে যায় এবং চালক তুহিন গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

হাইওয়ে পুলিশ ময়নামতি থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মো. আজম জানান, দুর্ঘটনার পর ঘাতক বাসটি আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত তারেকুল সুস্থ্য আছে। তাকে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে।

বান্দরবান প্রতিনিধি জানান, বান্দরবানের থানচিতে কাঠ বোঝাই ট্রাক উল্টে এক কার্বারির (গ্রাম প্রধান) মৃত্যু হয়েছে। এসময় আরো ৩ শ্রমিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, জেলার থানচি উপজেলার দুর্গম থানচি-লিকরে সড়কের ম্রো পাড়া এলাকায় কাঠ বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলে বোমাং সার্কেলের সাবেক কার্বারি রেংথং ম্রো’র (৪৫) মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ-বিজিবি ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে থানচি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবায়ের উল হক।