এক লাখ ৪৬ হাজার টাকার জাল নোটসহ সুধির চন্দ্র শীল (৩২) নামের এক ব্যক্তিকে আটক করেছে র্যাব। মঙ্গলবার বিকালে নীলফামারীরর সৈয়দপুর শহরের নিয়ামতপুর এলাকার শুটকিবাজার মোড় থেকে জাল টাকাসহ সুধিরকে আটক করা হয়।
আটককৃত সুধির দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার মোমিনপুর ইউনিয়নের দোয়ানিয়াপাড়া গ্রামের মৃত উপেন চন্দ্র শীলের ছেলে।
র্যাব-১৩ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকালে অভিযান চালিয়ে ১৪৬টি ১ হাজার টাকার জাল নোটসহ তাকে আটক করা হয়।
র্যাব-১৩ নীলফামারী সিপিসি-২-এর ভারপ্রাপ্ত কমান্ডার সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান সাংবাদিকদের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'দীর্ঘদিন থেকে একটি চক্র এই এলাকায় জাল টাকার ব্যবসা করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। চক্রের একজনকে আটক করা হলেও বাকিদের আটকে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। আটক সুধিরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে সৈয়দপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।'