আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি আজ রবিবার থেকে শুরু হওয়া উপজেলা পরিষদ নির্বাচনকে ভোট উত্সবে পরিণত করতে নির্বাচন কমিশন (ইসি) ও প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করতে কঠোর অবস্থান গ্রহণ করুন। প্রার্থীর মুখ দেখে কোনো অনিয়ম বা নৈরাজ্যকে প্রশ্রয় দিবেন না। এক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্পষ্ট নির্দেশনা রয়েছে যে, কোনো মন্ত্রী-এমপি যেন কোনো প্রার্থীর পক্ষে প্রভাব বিস্তার করতে না পারে। এটা আমাদের সবাইকে মানতে হবে।
গতকাল শনিবার ১৪ দলের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। মোহাম্মদ নাসিম বলেন, গণতন্ত্রের অভিযাত্রায় উপজেলা পরিষদ নির্বাচন একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। আমরা আশা করব এই নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে ভোটকেন্দ্রে উপস্থিত হবেন। বিএনপির ভোট বর্জনের সংস্কৃতি যেকোনো মূল্যে রুখতে হবে। আমার বিশ্বাস নির্বাচন কমিশন যে শক্ত অবস্থান নিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীসহ সর্বস্তরের প্রশাসন ভোটকেন্দ্রে ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করতে কঠোর অবস্থান গ্রহণ করবে।