শেষ দিনেও জমজমাট ছিল হাতিরঝিলের সাংস্কৃতিক উত্সব

তারুণ্যের অংশগ্রহণে শেষ দিনেও জমে উঠেছিল হাতিরঝিলের সাংস্কৃতিক উত্সব। শিল্পকলা একাডেমির উদ্যোগে ৭ থেকে ৯ মার্চ হাতিরঝিলের এম্ফিথিয়েটারে তিন দিনব্যাপী সাংস্কৃতিক উত্সবের আয়োজন করা হয়। প্রতিদিন বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত উত্সবে অনুষ্ঠিত হয় অ্যাক্রোবেটিক প্রদর্শনী, সংগীত, নৃত্য, যন্ত্রসংগীত, মঞ্চনাটক, যাত্রাপালা, পালাগান, পাপেট শো, ব্যান্ড সংগীত ও দেশবরেণ্য শিল্পীদের পরিবেশনা। অনুষ্ঠান সকলের জন্য উন্মুক্ত ছিল।

গতকাল শনিবার তৃতীয় দিনের আয়োজনের শুরুতে সেতার পরিবেশন করেন এবাদুল হক সৈকত। শিল্পীকে তবলায় সহযোগিতা করেন পন্ডিত বিপ্লব ভট্টাচার্য। ফারহানা চৌধুরী বেবী, সাদিয়া ইসলাম মৌ, সোমা গিরি, সোহেল রহমান, অন্তর দেওয়ানের পরিচালনায় নৃত্য পরিবেশিত হয়। অ্যাক্রোবেটিক প্রদর্শনী পরিবেশন করে শিল্পকলা একাডেমির অ্যাক্রোবেটিক দল। একক সংগীত পরিবেশন করেন শিল্পী মেহরিন, ইয়াসমীন আলী, সরদার হিরক রাজা, মৌটুসী পার্থ, লুইপা ও সুচিত্রা রানি সূত্রধর। মিলন কান্তি দে-এর পরিচালনায় যাত্রাপালা নবাব সিরাজউদ্দৌলার অংশ বিশেষ পরিবেশিত হয়। মাল্টিমিডিয়া পাপেট থিয়েটার প্রযোজিত মুস্তাফা মনোয়ারের পরিচালনায় পাপেট শো অনুষ্ঠিত হয়।