ইত্তেফাক রিপোর্ট
পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ৭৮ টি উপজেলায় ভোট আজ। রবিবার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। ভোটের আগেই এ ধাপে ২৮জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচন উপলক্ষে ইতিমধ্যে সব ধরণের প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে দলীয়ভাবে অনুষ্ঠিত এ নির্বাচনে বেশিরভাগ রাজনৈতিক দল অংশ গ্রহন না করায় রাজনৈতিক উত্তাপ কম। তিন পদে প্রতিদ্বন্দ্বিকারীদের বেশিরভাগ ক্ষমতাসীন দলের প্রার্থী। ভোটারের উপস্থিতি নিয়ে কিছুটা অস্বস্তিতে রয়েছে কমিশন। নির্বাচনী আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মাঠে নেমেছে পুলিশ, বিজিবি, র্যাব, আনসার-ভিডিপি, কোস্টগার্ড, আর্মড পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ভোটের ৩২ ঘণ্টা আগে সব ধরনের প্রচার-প্রচারণা নিষিদ্ধ করেছে ইসি।
এ উপলক্ষে আগারগাঁও নির্বাচন ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে ইসির অতিরিক্ত সচিব মো: মোখলেছুর রহমান বলেন, কমিশন কড়া নির্দেশনা দিয়েছে। যদি কোথাও কোনো রকম কোনো অনিয়ম দেখা যায়। তাহলে তাত্ক্ষণিকভাবে সেই কেন্দ্রের নির্বাচন বন্ধ করে দেয়া হবে। তিনি বলেন, যে ৭৮ উপজেলায় ভোট হবে সেখানে মোট ভোটার সংখ্যা ১ কোটি ৪২ লাখ ৪৮ হাজার ৮৫০জন। মোট ভোটকেন্দ্র ৫ হাজার ৮৪৭টি। চেয়ারম্যান পদে ২০৭জন, ভাইস চেয়ারম্যান ৩৮৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৪৯জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন চেয়ারম্যান পদে ১৫জন, ভাইস চেয়ারম্যান ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান ৭জন। জামালপুরের মেলান্দহ ও মাদারগঞ্জ উপজেলা এবং নাটোরের সদর উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান-এই তিন পদে জয়লাভ করেন বিধায় এখানে ভোট হবে না। ভিআইপিদের প্রভাব বিস্তারের কারণে নেত্রকোনার পূর্বধলা, লালমনিরহাটের আদিতমারী এবং সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা পরিষদের ভোট স্থগিত করেছে ইসি। আদালতের নির্দেশে আরো তিনটি উপজেলার ভোট স্থগিত করা হয়েছে। ফলে আজ ৭৮ উপজেলায় ভোট হবে।
এবারের উপজেলা ভোট নিয়ে শুরু থেকেই কঠোর ইসি। ইতিমধ্যে আচরণ বিধি ভঙ্গের অভিযোগে ৯ এমপিকে এলাকা ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে। আচরণ বিধি অনুসরণে স্পিকারকেও চিঠি দেন সিইসি। আইজিপি, স্বরাষ্ট্র ও জনপ্রশাসন সচিবকে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্নের সংশ্লিষ্টদের সহযোগিতা করার নির্দেশনা দেয়া হয়। কয়েকজন ওসিকেও প্রত্যাহার করে কমিশন। ভোটের ৭ দিন আগে থেকে বৈধ অস্ত্র লাইসেন্সধারীদের অস্ত্র বহন, প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে। উল্লেখ্য, বাংলাদেশে বর্তমানে ৪৯২টি উপজেলা পরিষদ রয়েছে। এর মধ্যে ৪৮০ টিতে চারধাপে এবার ভোট হবে।