মেহেরপুর গাংনী পৌরসভায় এক ফিলিং স্টেশনে ককটেল হামলার ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত সোয়া একটার দিকে পূর্ব মালসাদহে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও বিকট শব্দে এলাকা কম্পিত হয়।
হোসেন ফিলিং স্টেশনে কর্মকর্তারা জানায়, রাত সোয়া একটার দিকে তিন যুবক পাম্প চত্ত্বরে ঘোরাঘুরি করছিল। কিছুক্ষণ অবস্থানের পর তারা অফিস কক্ষ লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। ককটেলটি বিকট শব্দে বিষ্ফোরণ ঘটলে তারা প্রাণ ভয়ে চিৎকার শুরু করেন। ককটেল তাদের গায়ে না লাগলেও বিকট শব্দে আশেপাশের লোকজন আতঙ্কিত হয়। খবর পেয়ে গাংনী থানার সেকেন্ড অফিসার এসআই মনিরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে ছুটে যান। আশেপাশের এলাকায় তল্লাশিসহ সম্ভাব্য কয়েকটি স্থানে অভিযান চালিয়ে হামলাকারীদের গ্রেফতারের চেষ্টা করেন। ফিলিং স্টেশন কর্তৃপক্ষ হামলার ব্যাপারে মুখ না খুললে চাঁদার দাবিতে ভীতি সৃষ্টির জন্য এ হামলা বলে ধারণা করছে পুলিশ।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন বলেন, 'শান্ত এলাকা কোনো অবস্থায় অশান্ত করার কেউ চেষ্টা করলে কঠিন পরিণতি হবে। বৃহস্পতিবার থেকে কঠোর অভিযানের মাধ্যমে হামলাকারীদের গ্রেফতারে পুলিশ মাঠে নামছে বলেও জানান তিনি। যে কোনো মূল্যে এসব দুর্বৃত্তদের গ্রেফতার করে আইনের আওতায় আনার ব্যাপারে কঠোর হুশিয়ারীর কথা জানান তিনি।