ইত্তেফাক রিপোর্ট
বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের জন্য সাড়ে ১৬ কোটি ডলার অনুদান করেছে বিশ্বব্যাংকের বোর্ড সভা। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের কক্সবাজারের টেকনাফ ও উখিয়াতে অবস্থানরত বাস্তুচ্যুত মিয়ানমার থেকে আগত রোহিঙ্গাদের মৌলিক সেবা প্রদান, দুর্যোগ সহনীয় ব্যবস্থা গ্রহণ এবং সামাজিক অবস্থার উন্নতি করতে এই অর্থ ব্যয় করা হবে। ‘দ্য ইমার্জেন্সি মাল্টি সেক্টর রোহিঙ্গা ক্রাইসিস রেসপন্স প্রজেক্ট’ বাস্তবায়নে বিশ্বব্যাংকের এই অনুদান ব্যবহার করা হবে। নিপীড়নের মুখে আড়াই বছর আগে বাংলাদেশে আশ্রয় নেয় বিপুলসংখ্যক রোহিঙ্গা। সবমিলিয়ে বাংলাদেশে এখন ১১ লাখের বেশি রোহিঙ্গা রয়েছে। প্রকল্পটির মাধ্যমে রোহিঙ্গাদের জন্য মৌলিক অবকাঠামো তৈরি, সামাজিক অবস্থার উন্নতিসহ নারীর প্রতি সহিংসতা রোধেও নানা উদ্যোগ থাকবে। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়কেন্দ্রগুলোতে বিশুদ্ধ পানি সরবরাহ, বৃষ্টির পানি সংরক্ষণ, স্যানিটেশন ব্যবস্থার উন্নতি ছাড়াও এই প্রকল্পের মাধ্যমে বিভিন্ন সাইক্লোন শেল্টারের উন্নয়ন, সড়ক, ফুটপাত, নর্দমা, ব্রিজ, কালভার্ট তৈরি হবে। বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর ড্যনডান চ্যন বলেন, বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে মহান উদারতার পরিচয় দিয়েছে। রোহিঙ্গাদের বিশাল অংশ এদেশে চলে আসায় কক্সবাজার অঞ্চলে স্থানীয় অবকাঠামো, সেবা ও সরকারি সম্পদের উপর বড় চাপ তৈরি হয়েছে। এই প্রকল্প বাস্তবায়নের ফলে শুধু রোহিঙ্গা নয়, স্থানীয় জনগণও উপকৃত হবে। উল্লেখ্য, রোহিঙ্গাদের সহায়তায় বিশ্বব্যাংকের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী বিভিন্ন প্রকল্পে অর্থায়ন করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় এই অনুদানের অর্থ অনুমোদন করা হয়েছে।