সানগ্লাস পরা খালেদা জিয়াকে দেখলে মনে হয় না তিনি অসুস্থ ---তথ্যমন্ত্রী

ইত্তেফাক রিপোর্ট

তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা ও সম্মান রেখে বলছি, আদালত প্রাঙ্গণে তাকে আনার পর সানগ্লাস পরা অবস্থায় দেখলে কারোই মনে হয় না তিনি অসুস্থ। যদিও রিজভী সাহেবরা তাকে প্রতিদিনই অসুস্থ বলে দাবি করেন। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সভাপতি জাকির হোসেন ইমনের সভাপতিত্বে আয়োজিত কাউন্সিলের অভিষেক অনুষ্ঠানে সমসাময়িক রাজনীতি প্রসঙ্গে তিনি এ কথা বলেন।

ড. হাছান বলেন, আর্থ্রাইটিস তার নতুন রোগ না। এ রোগ নিয়েই তিনি রাজনীতি করেছেন। দুই বার প্রধানমন্ত্রিত্ব করেছেন। তিনি কারাগারে যে সুযোগ-সুবিধা পাচ্ছেন তা উপমহাদেশে নজিরবিহীন। তিনি বলেন, বিএনপি নির্বাচন থেকে পালানোর পথ খুঁজছে। তাদের সবসময় উদ্দেশ্য থাকে   কীভাবে নির্বাচন কমিশনকে বিতর্কিত করা যায়। এই কথা বলে তারা নির্বাচন থেকে পালানোর পথ খুঁজে। যেভাবে তারা নির্বাচন থেকে পালাচ্ছে তাতে তারা জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আমি বিএনপিকে অনুরোধ জানাব আপনারা নির্বাচন ভীতি দূর করে নির্বাচন থেকে পালানোর যে নীতি অনুসরণ করছেন, সেই নীতি থেকে সরে এসে নির্বাচনে আসুন।

ভোটে ইভিএম ব্যবহারের বিষয়ে হাছান মাহমুদ বলেন, এর আগেও আপনারা দেখেছেন বিভিন্ন নির্বাচনে ইভিএম ব্যবহার হয়েছে। সেখানকার আমরা ফলাফল পেয়েছি এবং সেই কেন্দ্রের ভোটের ফলাফল নিয়ে কারো কোনো আপত্তি ছিল না। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল, ডিইউজের সভাপতি আবু জাফর সূর্য, সাবেক সভাপতি আব্দুল জলিল ভুঁইয়া, সাব-এডিটরস কাউন্সিলের সাবেক সভাপতি মুস্তাফিজ রহমান প্রমুখ।