ইউনুস খানের বিদায়ের ম্যাচে ইংল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে পাকিস্তান। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে এই জয়ে চার ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো পাকিস্তান।
গতকাল বুধবার আবুধাবিতে টসে জিতে ব্যাটিং করতে নেমে পাকিস্তানের নিয়ন্ত্রিত বোলিংয়ে ইংল্যান্ড সবকটি উইকেট হারিয়ে ২১৬ রান সংগ্রহ করে। দলের হয়ে সর্বোচ্চ ৭৬ রান করেন অধিনায়ক ইওন মরগান। ৬০ রান আসে টেইলরের ব্যাট থেকে। ৩৩ রান করেন ওকস। পাকিস্তানের সেরা বোলার মোহাম্মদ ইরফান। ৩৫ রানে তিন উইকেট নেন বাঁহাতি এই পেসার। দুটি করে উইকেট নেন আনোয়ার আলী ও শোয়েব মালিক। একটি উইকেট নেন ইয়াসির শাহ।
২১৬ রানের জবাবে পাকিস্তান ৩৮ বল ও ছয় উইকেট হাতে রেখে সহজেই জয়ের বন্দরে নোঙর ফেলে। পাকিস্তানের হয়ে সেঞ্চুরির দেখা পান মোহাম্মদ হাফিজ। তিন নম্বরে ব্যাট করতে নেমে ক্যারিয়ারের নবম সেঞ্চুরি তুলে নেন তিনি। তার অপরাজিত ১০২ রানে ভর করে পাকিস্তানের জয় পেতে কোনো বেগ পেতে হয়নি। ১৩০ বলে ১০ চার ও এক ছক্কায় ম্যাচ জয়ী ইনিংসটি সাজান হাফিজ। তাকে পঞ্চম উইকেটে বেশ ভাল সঙ্গ দেন বাবর আজম। ৬২ রানে অপরাজিত থাকেন বাবর। এই জুটি ১০২ রান সংগ্রহ করে। এই দুই ব্যাটসম্যান ছাড়া শোয়েব মালিক তৃতীয় সর্বোচ্চ ২৬ রান করে সাজঘরে ফিরেন। এছাড়া সাজঘরে ফিরেন আজহার আলী (৮), বিলাল আসিফ (২) ও ইউনুস খান (৯)। এই ম্যাচ দিয়েই ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ইউনুস খান। ওয়ানডেতে পাকিস্তানের ষষ্ঠ সর্বোচ্চ স্কোরার শেষ ইনিংসটিতে ১৮ বল খেলেছেন।
IMG0
ইংল্যান্ডের সেরা বোলার রিচ টপলি। ২৬ রানে ৩ উইকেট নিয়েও দলের পরাজয় ঠেকাতে পারেননি তিনি। একটি উইকেট নেন মঈন আলী। আগামী ১৩ নভেম্বর একই মাঠে দুই দল দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে। ক্রিকইনফো।