কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার চাঁদগ্রামে আওয়ামী লীগের সঙ্গে সংঘর্ষে আহত জাসদ কর্মী বাবলু (৩৮) মারা গেছেন। বৃহস্পতিবার ভোর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় ভেড়ামারা থানা পুলিশ দুইজনকে আটক করেছে।
এদিকে খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জাসদ নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে আওয়ামী লীগের সাত নেতাকর্মীর বাড়িতে হামলা চালিয়ে লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রায় ১২ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়েছে। এলাকায় জাসদ এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এলাকায় ৪ প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়েছে।
ভেড়ামারা থানার ওসি তাজুল ইসলাম জানান, এলাকায় একজন নিহত হওয়ার ঘটনার জের ধরে তার সমর্থকরা বেপরোয়া অগ্নিসংযোগ, লুটপাট ও ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে। এ পর্যন্ত পুলিশ ২ জনকে আটক করেছে।
গত ৬ নভেম্বর রাতে ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নে আওয়ামী লীগ এবং জাসদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে আওয়ামী লীগের দুইজন এবং জাসদ কর্মী বাবলু গুরুতর আহত হন। তাদের মুমূর্ষ অবস্থায় প্রথমে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ১১ নভেম্বর জাসদ কর্মী বাবুলের অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাতেই এ সংবাদ ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জাসদ নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে আওয়ামী লীগের ৭ নেতাকর্মীর বাড়িতে হামলা ও লুটপাট চালায়।