ধামরাই (ঢাকা) সংবাদদাতা
ধামরাইয়ে শৈলান দিবসে এক তরুণী গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় ধামরাই থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। পুলিশ একজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
জানা যায়, ধামরাই নতুন দক্ষিণ পাড়ায় এক তরুণী গত ২ মার্চ শৈলান দিবসে তার দুই বন্ধুকে নিয়ে শৈলানে বেড়াতে যায়। সন্ধ্যায় বাড়ি ফেরার পথে বাবু, রাসেল, আনোয়ারসহ অজ্ঞাতনামা আরও দুইজন তাদের মোটরসাইকেলের গতিরোধ করে এবং তরুণীর দুই বন্ধু শুভ ও রিফাতকে মারধর করে ওই তরুণীকে অপহরণ করে দেপাশাই গ্রামের কাশেমের বিল্ডিং এর ভেতর নিয়ে যায়। সেখানে জোরপূর্বক তাকে পালাক্রমে গণধর্ষণ করে। উক্ত ঘটনার প্রেক্ষিতে গত ৭ মার্চ ধর্ষিতা নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধামরাই থানায় একটি মামলা করে। ওই দিনই পুলিশ শরীফবাগের মোজাফরের ছেলে আনোয়ার হোসেনকে গ্রেফতার করে।
ধামরাই থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা জানান, আসামিদের একজন গ্রেফতার হয়েছে বাকিরাও শিগগিরই গ্রেফতার হবে বলে আশা করছি।