এসিড নিক্ষেপ: গাইবান্ধায় যুবকের যাবজ্জীবন

গাইবান্ধায় দুই বোনকে এসিড নিক্ষেপের দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ৬০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো দেড় বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত আব্দুল খালেক (৩২) জেলা সদর উপজেলার আনালেরতাড়ী গ্রামের বাসিন্দা।
 
বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ এসিড অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক রাশেদা সুলতানা আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
 
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. শফিকুল ইসলাম জানান, দণ্ডপ্রাপ্ত আব্দুল খালেককে কারাগারে পাঠানো হয়েছে।
 
উল্লেখ্য, জেলা সদর উপজেলার আনালেরতাড়ী গ্রামের জনৈক ব্যক্তির দুই মেয়ে ২০০৭ সালের ৬ নভেম্বর রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিল। এদিন রাতে আব্দুল খালেক ওই ঘরের দরজা খুলে তাদেরকে লক্ষ্য করে এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে দুজনের মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। ঘটনার পরদিন তাদের মা বাদী হয়ে আব্দুল খালেককে একমাত্র আসামি করে মামলা করেন। তদন্ত শেষে আব্দুল খালেককে অভিযুক্ত করে মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে চার্জসিট দাখিল করেন।