ইত্তেফাক রিপোর্ট
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ. ম. রেজাউল করিম বলেছেন, ২০১৯ সালের মধ্যে বসবাস উপযোগী একটি আবাসন এলাকা হিসেবে পরিচিত হবে পূর্বাচল স্যাটেলাইট টাউন। চলতি বছরের মধ্যে বরাদ্দপ্রাপ্তরা সকল নাগরিক সুবিধাসহ পূর্বাচলে বসবাস করতে পারবেন। গতকাল শনিবার রাজধানীর ‘কুড়িল-পূর্বাচল লিংক রোডের উভয় পার্শ্বে ১০০ ফুট চওড়া খাল খনন ও উন্নয়ন প্রকল্প’ ও ‘পূর্বাচল নতুন শহর প্রকল্প’ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, পূর্বাচল প্রকল্পে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণও তিনগুণ করা হয়েছে। ক্ষতিপূরণ পাবার ক্ষেত্রে কোনো সমস্যায় পড়লে আমার কাছে আসবেন, কোথায় সমস্যা আমরা দেখব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনে করেন, সকলের জন্য আবাসন, কেউ থাকবে না গৃহহীন উল্লেখ করে মন্ত্রী বলেন, স্বল্প আয়ের মানুষের জন্য, বস্তিবাসীর জন্য, যাদের সচ্ছলতা আছে তাদের জন্যসহ সবার আবাসনের জন্য আমরা কাজ করছি। তিনি আরো বলেন, একটি মানুষও আবাসহীন থাকবে না। পূর্বাচলে যাদের জমি অধিগ্রহণ করা হচ্ছে তারা আধুনিক ও নাগরিক সকল সুবিধা সম্পন্ন স্যাটেলাইট টাউনের অধিবাসী হচ্ছেন। আবার তিনি ক্ষতিপূরণের টাকাও পাচ্ছেন। উন্নয়নের সকল সুবিধা তাদেরকে দেওয়া হচ্ছে। তিনি বলেন, কিছু লোক আছে যারা চোখ থাকতে অন্ধ। তাদের শেখ হাসিনা সরকারের উন্নয়ন চোখে পড়ে না। আমরা পরিবেশবান্ধব, আধুনিক পূর্বাচল সিটি গড়ে তুলে তাদেরকে সরকারের উন্নয়ন দেখাতে চাই। এ সময় রাজউক চেয়ারম্যান মো. আব্দুর রহমান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইয়াকুব আলী পাটোয়ারি প্রমুখ উপস্থিত ছিলেন।